শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিতব্য ‘বিশ্বম্ভর বাবুর দায়’ ছবির শুটিংয়ের জন্য আজ রোববার ৮ নভেম্বর পুরো ইউনিট নিয়ে কালিয়াকৈর যাচ্ছিলেন নির্মাতা আবু সাইয়ীদ। শুটিং ইউনিটের দুটি মাইক্রোবাসের একটিতে ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর অন্যটিতে ছিলেন এ ছবির কলাকুশলীরা। শুটিং দলটি ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে সকালে আশুলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পড়ে। নির্মাতা আবু সাইয়ীদ জানিয়েছেন, দুর্ঘটনায় ছবির শুটিং ইউনিটের দশজন আহত হয়েছেন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আবু সাইয়ীদ জানান, আহতদের উত্তরার বেসরকারি ইষ্ট ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আ​ইসিইউ)।
মুঠোফোনে প্রথম আলোকে ঘটনার বর্ণনায় আবু সাইয়ীদ বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমাদের আজকের শুটিং ছিল কালিয়াকৈর এলাকায়। মিরপুর বেড়িবাঁধ দিয়ে আমাদের বহনকারী মাইক্রোবাস দুটি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছিল। আশুলিয়া রাস্তার মাথায় খেয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো জি ১৪-০২৩৪) আমাদের গাড়িটিকে অতিক্রম করতে গিয়ে চাপা দেয়। এতে গাড়িটির একপাশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।’
ঘটনার পরপরই পাশেই দায়িত্বে থাকা পুলিশের সহযোগিতা চেয়ে না পাওয়ার কারণে বেশ ক্ষুব্ধ হয়েছেন আবু সাইয়ীদ। তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই দায়িত্ব নিয়োজিত ছিল পুলিশের একটি দল। তাৎক্ষণিকভাবে তাঁদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। তাঁরা উল্টো গাড়ির মালিকের সঙ্গে আমাদের সমঝোতার প্রস্তাব দেন।’
আবু সাইয়ীদ জানান, তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
‘বিশ্বম্ভর বাবুর দায়’ ছবির শুটিংয়ে অংশ নিতে পেছনের গাড়িতে ছিলেন আবুল হায়াত, লীনা ফেরদৌসি ও আবু সাইয়ীদসহ আরও অনেকে।