শুটিংয়ে সেতু ভেঙে কল্যাণ আহত
জীবনের প্রথম চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন মডেল ও টিভি অভিনেতা কল্যাণ কোরাইয়া। সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় মাসুদ আখন্দের ‘পিতা’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় ঘটনা ঘটে।কল্যাণ বলেন, ‘সেতুর ওপর মারা যাওয়ার একটি দৃশ্য ছিল। আমার হাত-পা সবই বাঁধা ছিল। শত্রুপক্ষ আমাকে মারতে এলে ধস্তাধস্তির একপর্যায়ে সেতু ভেঙে নিচে পড়ে যাই। এতে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। এ ছাড়া যুদ্ধের দৃশ্যে অভিনয়ের সময় রাইফেলের আঘাতে আমার শরীরে ক্ষত হয়। বেশ কিছুদিন হয়ে গেলেও আঘাতের চিহ্ন রয়ে গেছে।’কল্যাণ আরও বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করতে যে এত কষ্ট সেটা অভিনয় না করলে কখনোই টের পেতাম না। চলচ্চিত্রটির প্রধান চরিত্র শরতের ভূমিকায় অভিনয় করছি। কাহিনিটি ভালো লাগায় অভিনয় করতে রাজি হয়েছি। আমার প্রথম ছবি, তাই চেষ্টা করছি নিজের মেধাকে ভালোভাবে কাজে লাগাতে।’ পিতা ছবিটি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ঘটে যাওয়া অহরহ ঘটনা থেকে দুই দিনের একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে। ছবিতে পাঁচজন পিতার কাহিনি তুলে ধরা হবে।পিতা ছবিতে কল্যাণের বিপরীতে অভিনয় করছেন শায়না আমিন।