শুটিংয়ের আগে আরেক শুটিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্তিত্ব ছবির ফটোশুটে আরেফিন শুভ ও তিশা
অস্তিত্ব ছবির ফটোশুটে আরেফিন শুভ ও তিশা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে জুটি হয়েছেন আরেফিন শুভ ও তিশা। ছবির নাম ‘অস্তিত্ব’। গতকাল শনিবার ঢাকার শ্যামলীতে ছবির প্রচারণার কথা মাথায় রেখে পরিচালক অনন্য মামুন তাঁর ছবির প্রধান দুই অভিনয়শিল্পীর ফটোশুট করেন। ছবির শুটিং শুরুর আগে ফটোশুটের আরেক শুটিংয়ের অংশ হলেন শুভ-তিশা। নিজেদের প্রথম ছবির ফটোশুটে শুভ ও তিশা বেশ আগ্রহ নিয়েই অংশ নেন।
একসঙ্গে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তিশা। অবশ্য সেটা বেশ কয়েক বছর আগের কথা। সাম্প্রতিক বছরগুলোতে শুভ নিজেকে চলচ্চিত্রেই ব্যস্ত রেখেছেন। চলচ্চিত্রই এখন তাঁর ধ্যানজ্ঞান। আর অন্যদিকে, তিশা নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছেন। এবারই প্রথম এই দুই তারকা অভিনয়শিল্পী এক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেলেও শুভ বা তিশা কেউই এখনো তাতে অংশ নেননি।
ছবির ফটোশুট প্রসঙ্গে শুভ বলেন, ‘বিশ্বব্যাপী ছবির প্রচারণা এবং বিপণন কৌশলে অনেক পরিবর্তন এসেছে। আমাদের দেশেও ইদানীং এর একটা প্রভাব পড়েছে। সেই ধারণা থেকেই ছবির শুটিংয়ের আগে থেকে নানা ধরনের কর্মকাণ্ড হাতে নেন প্রযোজক-পরিচালকেরা। ফটোশুটও তেমন এক কাজের অংশ।’
শুভ এও বলেন, ‘শুটিংয়ের শুরু থেকে ফটোশুটের ছবিগুলো বিভিন্ন প্রচারণার কাজে ব্যবহার করা যায়। সংবাদপত্রের বিভিন্ন সংবাদেও এসব ছবি গুরুত্ব পায় বেশি। আর এতে করে দর্শকদের মাঝে ছবি নিয়ে তৈরি হয় একটা ইতিবাচক আগ্রহ, যা আসলে খুব বেশি প্রয়োজন।’
তিশার সঙ্গে ছোট পর্দায় কাজের অভিজ্ঞতা থেকেই শুভ আশা করছেন তাঁদের চলচ্চিত্র যাত্রাও ‘শুভ’ হবে। শুভ বলেন, ‘তিশা ভালো অভিনেত্রী। গল্পে দুজনের চরিত্র পড়ে মনে হয়েছে নিঃসন্দেহে কাজটি আমরা ভালোভাবে করতে পারব।’
ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘অস্তিত্ব’ ছবিটি হবে ভিন্ন ধরনের একটি প্রেমের ছবি।