শুটিংয়ের আগে প্রচুর হোমওয়ার্ক করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে দেশ টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সীমান্ত’। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এখানে অভিনয় করেছেন সাবেরী আলম। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা হচ্ছে বোধহয়...আমি এখন পুবাইলে। একেবারে গ্রামের মধ্যে। নেটওয়ার্ক সমস্যা। এখানে রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় অহল্যা নামের এক ঘণ্টার একটি নাটকের শুটিং করছি। আজই আমার কাজ শেষ হয়ে যাবে।‘সীমান্ত’ নাটকটিতে আপনাকে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়...হ্যাঁ, এই নাটকটিতে আমি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলি। এই ভাষায় আমার অভিনয়-জীবনে প্রথম কাজ। তবে এখানে চরিত্রটি একেবারেই ভিন্ন। চরিত্রের নাম আমেনা। কিছুটা ছন্নছাড়া রকমের। আমেনার ঘরে তিন বছরের একটি বাচ্চা আছে। বাচ্চাটি বোবা, কানে কম শোনে। আমেনাকে স্বামী তালাক দিয়েছে। সে একটা সময় বাড়ি থেকে গয়না চুরি করে। তাঁর কম বয়সী এক মাঝির সঙ্গে সম্পর্ক তৈরি হয়।ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতে সমস্যা হয়নি?না, তেমন সমস্যা হয়নি। আমি শুটিংয়ের আগে পাণ্ডুলিপিটি নিয়ে প্রচুর হোমওয়ার্ক করেছি। বারবার পাণ্ডুলিপিটি পড়েছি। নাটকটির নির্দেশকও ময়মনসিংহের ভাষায় বেশ পারদর্শী। সেও আমাকে সাহায্য করেছে। এ ছাড়া নাটকটির শুটিংয়ের সময় ওই অঞ্চলের একজন কর্মী আমাদের দলের সঙ্গে ছিলেন। তাঁর কাছ থেকে ভাষাটি আয়ত্তে আনতে সহযোগিতা পেয়েছি।আপনি ‘গর্ভধারিণী’ ধারাবাহিকে কাজ করছেন। কেমন লাগছে?খুবই ভালো লাগছে। এটি পরিচালনা করছেন শংখ দাশগুপ্ত। এখনো শুটিং চলছে। এটি সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস। নাটকটিতে মূল চরিত্র চারটি। এর মধ্যে আনন্দের মায়ের চরিত্র একটি। যেটি আমি করছি।‘গর্ভধারিণী’ উপন্যাসটি আগে পড়া ছিল কি?অনেক আগে পড়েছিলাম। তবে নাটকটির শুটিংয়ের সময় নতুন করে পড়া হয়নি। আমার কাছে মনে হয়েছে শুটিংয়ের আগে আরেকবার পড়া উচিত ছিল। ভাবছি আগামী লটের শুটিংয়ের আগে আরেকবার পড়ে নেব।শুনলাম চলচ্চিত্রেও কাজ করেছেন?তিন বছর ধরে আমি নাটকে নিয়মিতই কাজ করছি। এর মধ্যে দুটি চলচ্চিত্রে কাজ হয়েছে। দুটি কাজই মোটামুটি শেষের পথে। একটি সরকারি অনুদানের ছবি। নাম আত্মদান। আরেকটি চ্যানেল আইয়ের। নাম মধুমতি। দুটি ছবির পরিচালক সাজাহান চৌধুরী।আপনি একসময় মঞ্চে কাজ করতেন। এখন আর করেন না কেন?আমি ১৯৭৯ সাল থেকে ঢাকা থিয়েটারে কাজ করতাম। ১৯৯৪ সালে এসে আমার মঞ্চের সঙ্গে ছেদ পড়ে। সেই সময় ব্যক্তিগত কারণে মঞ্চে বিরতি পড়ে। পরে আর কাজ করা হয়নি। আমি মনে করি, সঠিকভাবে সময় না দিয়ে মঞ্চে কাজ করা ঠিক না।