বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লংমার্চ। লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান। নাটকটিতে অভিনয় করছেন আ খ ম হাসান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।কেমন আছেন?শুটিংয়ের ওপরেই আছি; ঈদ সামনে এলে যা হয়। সঙ্গে আছে যে ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে, সেগুলোর কাজ। বাজারে ঈদের কেনাকাটার চাপ শুরু হবে আরও কিছুদিন পর। নাটকের কাজ কিন্তু শুরু হয়েছে মাস তিনেক আগেই। এবার আমি সালাহউদ্দিন লাভলুর কয়েকটি নাটকে কাজ করছি। পুরো জুলাই মাসই ওনার সঙ্গে থাকব।ঈদের জন্য কী ধরনের কাজ বেশি হচ্ছে?সব নাট্যকার, পরিচালকই ঈদে দর্শককে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে একটা গল্প একটু অন্য রকম মনে হয়েছে, নাম সত্যিই সেলুকাস। আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে সঙ্গে নিয়ে একবিংশ শতাব্দীর বাংলাদেশে এসেছেন। এ সময় তাদের নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। আমি অভিনয় করছি সেলুকাস চরিত্রে আর শাহেদ করছেন আলেকজান্ডার।‘লংমার্চ’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।একেবারে অন্য ধরনের একটি গল্প। বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যা এই নাটকে রূপক অর্থে তুলে ধরা হচ্ছে। সামনে তো অনেকেই প্রশংসা করেন, এবার ফেসবুকেও অনেক ইতিবাচক মন্তব্য পাচ্ছি। আর নাটকটির পরিচালক বেশ ধরে ধরে কাজটি করছেন। দিনে মাত্র সাত থেকে আটটি দৃশ্য ধারণ করা হয়। পরিচালক মহড়ার ওপর বেশি জোর দেন। তাই কাজটি যথেষ্ট ভালো হচ্ছে।আর বাংলাভিশনের ‘হাড়কিপ্টে’?এই নাটকে কাজ করার একটা মজার ঘটনা শুনুন—আমি আর শামীম জামান গামছা পরে জমির পাশে লুঙ্গি শুকাতে দিয়েছি। এ সময় কোথা থেকে যেন একটা গরু অদ্ভুতভাবে ‘হাম্বা’ ডেকে উঠল। তখন আমাদের পুরো মনোযোগ ছিল ক্যামেরার দিকে। হঠাৎ ওই ডাক শুনে আমরা চমকে উঠি। দৃশ্যটি এতই মজার ছিল যে লাভলু ভাই (সালাহউদ্দিন লাভলু) তা নাটকে রেখে দিলেন। এটি নাটকের প্রচারণায়ও ব্যবহার করা হচ্ছে।