শুটিংয়ের ফাঁকে নির্বাচনী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণায় জ্যোতিকা জ্যোতি
নির্বাচনী প্রচারণায় জ্যোতিকা জ্যোতি

অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নিয়ে লড়তে চেয়েছিলেন। কিন্তু দলীয় সমর্থনে সেখানে এখন লড়ছেন নিজাম উদ্দীন আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দলের সমর্থনে কাজ করছেন এই অভিনেত্রী। নির্বাচনী প্রচারণা শেষে আজ রোববার সকালে ঢাকায় ফিরছিলেন জ্যোতি। কাল থেকে উত্তরায় ধারাবাহিক নাটক ‘তুমি আসবে বলে’র শুটিংয়ে অংশ নিতে হবে তাঁকে। ফেরার পথে প্রথম আলোর সঙ্গে আলাপে জ্যোতি বললেন, ‘ইচ্ছে ছিল নির্বাচনের দিনটিতে এলাকায় থাকার। কিন্তু শুটিংও তো করতে হবে। তারপরও যতটা সম্ভব হয়েছে আমার অবস্থান থেকে করেছি। আমাকে সবাই অভিনেত্রী হিসেবে ভালোবাসে। আমার অভিনয়জীবনটাই প্রধান। ঈদের ছুটির দুদিন পরই শুটিং করতে হয়েছে। কিন্তু এর মধ্যে নির্বাচনও ঘনিয়ে আসছিল। তাই শুটিং থেকে সময় বের করে ছুটে গেছি এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে। এলাকার মানুষেরাও আমাকে কাছে পেলে খুব খুশি হয়। মন দিয়ে আমার কথা শোনে। এটা আমারও বেশ ভালো লাগে।’
জ্যোতি এ-ও বলেন, ‘মানুষের জন্য কিছু করতে গেলে এমপি হতে হবে, তা কিন্তু নয়। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব এলাকার মানুষের জন্য করে যাব। শুধু তা-ই নয়, আমার দেশের যেকোনো প্রান্তের মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয়, আমি সেটাও করব। তাই নিজে মনোনয়ন না পেয়ে মন খারাপ হয়নি। আমার শুধু একটাই চাওয়া, এলাকার মানুষের ভালো থাকা।’