
শীত আসি আসি করছে। হালকা হিম হিম ভাব বাতাসে। আকাশ মেঘে ঢাকা। তখনো বৃষ্টি নামেনি। এফডিসির প্রধান ফটক খোলা। তাই বলে কি যে কেউ প্রবেশ করতে পারবে? মোটেই না। ভেতরে ঢুকতে দেখে দারোয়ান এসে সামনে দাঁড়ায়। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মিলল ভেতরে ঢোকার অনুমতি। আরও অনেকে এসেছেন। কেউ কেউ এসেছেন সদলবলে আবার সস্ত্রীক এসেছেন কেউ। উদ্দেশ্য, প্রিয় তারকাদের শুটিং কাছ থেকে দেখা। তাদের সঙ্গে আসা বাচ্চাদের উৎসাহ ছিল দেখার মতো।
কিছু দূর এগোতেই, একটা ঘরের জানালা দিয়ে দেখা গেল পুরোনো দিনের বাসনপত্রের সমারোহ। জানা গেল, এগুলো ছবির সেটে ব্যবহার করা হয়। এক দম্পতি বিপুল উৎসাহে এগিয়ে গেলেন সেদিকে। আর আমরা ক্যানটিনের দিকে। তুমুল হইচই, আড্ডা আর হাসাহাসি চলছে সেখানে। আলোচনার বিষয় চলচ্চিত্র ও অভিনয়। ক্যানটিনের সামনেই ৯ নম্বর ফ্লোর। সেখানে সাইনবোর্ড লেখা আছে, ‘সরাসরি সাউন্ড রেকর্ডিংয়ের কাজ চলছে। শব্দ করা নিষেধ।’
থাক, ভেতরে গিয়ে কাজ নেই! যদি আবার শব্দ করে ফেলি!
চিত্রনায়ক জসিম ফ্লোরের সামনে ভিড় একটু বেশি। এখানে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু ছবির শুটিং হচ্ছে। সেটে আছেন ইমন ও জয়া। শাকিব খান একটু দূরে দাঁড়িয়ে আছেন।
শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই সেরেছে! এখন শুটিংয়ের কী হবে?
পরিচালক সাফিউদ্দিন সাফি এবার একটি ছাউনির নিচে গিয়ে শট নিচ্ছেন। জয়া খুবই বিমর্ষ। চরিত্রের প্রয়োজনে যখন যেমন দরকার, তখন তেমন অভিনয় আর অভিব্যক্তি। এভাবেই শুটিং হলো সন্ধ্যা পর্যন্ত।
এরপর একে একে তারকা আর কলাকুশলীরা স্পট ছাড়তে শুরু করলেন। শাকিব খানের সাদা গাড়িটা স্পট ছেড়ে যাওয়ার সময় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাকিবও হাত নেড়ে শুভেচ্ছা জানালেন।
ওদিকে ক্যানটিনে তখনো চলছে আড্ডা।