শুদ্ধ উচ্চারণে আবৃত্তিচর্চাকে শাণিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ উচ্চারণে আবৃত্তিচর্চা করতে হবে। কবিতা যাঁরা শুনতে চান না, তাঁদের শোনাতে হবে শ্রুতিমধুর ও প্রাঞ্জল ভাষায়। উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণই পারে আবৃত্তিকে জনমানুষের কাছে নিয়ে যেতে। এ জন্য নিয়মিত চর্চা করতে হবে। তাহলেই আবৃত্তিচর্চার সংকট কাটানো যাবে।
গতকাল শনিবার কুমিল্লা আবৃত্তি সংসদের রজতজয়ন্তী উত্সবের সমাপনী দিনে আয়োজিত সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সকাল ১০টায় নগরের নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। আয়োজনের শেষ দিনে ৫০ জন কবি ও কবিতাপ্রেমী আবৃত্তি করেন এপার-ওপার বাংলার জনপ্রিয় কবিদের লেখা কবিতা।
আয়োজকেরা জানান, সকাল ১০টায় ‘আবৃত্তিচর্চায় সংকট, সম্ভাবনা ও উত্তরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন। আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, আবৃত্তিশিল্পী গোলাম সারওয়ার, আলী হোসেন চৌধুরী, মঞ্জুরুল আজিম, রতন ভৌমিক, সাহিদ সুমন ও আহমেদ রাসেল। পরে নগরের ধর্মসাগর পাড়ে কবিতাপ্রেমীরা একটি বকুলগাছ লাগান।
বিকেল চারটায় কবিকণ্ঠে কবিতাপাঠের আসর বসে। কুমিল্লা আবৃত্তি সংসদের রজতজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক রতন ভৌমিকের সভাপতিত্বে এ পর্বে প্রধান অতিথি ছিলেন কবি আবু হাসান শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের কবি শংকর বন্দ্যোপাধ্যায়। পরে কবিতা পড়েন পিয়াস মজিদ, ফখরুল হুদা, সৈয়দ আহমেদ, ইসহাক সিদ্দিকী, বিজন দাস, আহম্মেদ কবীর, মাহমুদ কচি প্রমুখ। সন্ধ্যা ছয়টায় ‘অশ্বমেধের ঘোড়া’ শীর্ষক আবৃত্তি পরিবেশন করা হয়। রাতে ভারত ও বাংলাদেশের খ্যাতিমান ২৪ জন আবৃত্তিশিল্পী কবিতা পড়েন। এরপর রাত নয়টায় কুমিল্লা টাউন হল মাঠে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব শেষ হয়। গত শুক্রবার ওই উৎসব শুরু হয়। হবিগঞ্জে নৃত্য উৎসব
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য উৎসবের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ জেলা শাখা যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম এই উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ এবং নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা হান্নান চৌধুরী।
উৎসবে ১৩টি সংগঠন অংশ নেয়। এগুলো হচ্ছে সুরবিতান ললিতকলা একাডেমি, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, বামবক্ষ, নৃত্যকুঁড়ি, নৃত্যভূমি, চুনারুঘাট সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, শায়েস্তাগঞ্জ থিয়েটার, দেশ নাট্যগোষ্ঠী, আনন্দ নিকেতন, নৃত্য নিকেতন, নবীগঞ্জ নৃত্যারণ্য, নৃত্যাঙ্গন-মিরপুর ও হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। প্রথম পর্বে আলোচনা সভা শেষে ১৩টি সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে। বিপুলসংখ্যক দর্শক এই উৎসব উপভোগ করে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক গৌতম দাশ বলেন, হবিগঞ্জে অসংখ্য নৃত্য সংগঠন রয়েছে। এসব সংগঠনকে অনুপ্রাণিত করতে তাঁরা এই উৎসবের আয়োজন করেছেন।