শুদ্ধ সংগীতের সুরলহরি
সুরের এক মায়াবী জগৎ। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তন দর্শক-শ্রোতার উপস্থিতিতে পরিপূর্ণ। নীরবতা ভাঙল সমবেত কণ্ঠের সুরমূর্ছনায়। ইমনকল্যাণ রাগে খেয়াল পরিবেশন করলেন তাঁরা। তন্ময় হয়ে শুনছিলেন সবাই।সংগীতের প্রাণ ‘শুদ্ধ সংগীত’। একটা সময় ঢাকা কিংবা দেশের অন্যান্য অঞ্চলের রাজবাড়ি তথা জমিদারবাড়িতে বসত শুদ্ধ সংগীতের আসর। সমাজের অভিজাত শ্রেণীই এর পৃষ্ঠপোষকতা করত। কিন্তু সম্প্রতি শুদ্ধ সংগীতের চর্চা বা শোনার অভ্যাস একেবারেই কমে গেছে। এ চিত্রটা পাল্টে দেওয়ার প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ছায়ানট ভবনে শুরু হলো শুদ্ধ সংগীতের উৎসব। দুই দিনের এই উৎসব গতকাল সন্ধ্যায় উদ্বোধন করেন ইলা মজুমদার।উৎসবের প্রথম দিনের শুরুতে ছায়ানটের শিল্পীদের সমবেত সংগীতের পর পালাক্রমে একক পরিবেশনা। ঋতুপর্ণা চক্রবর্তী ধ্রুপদ সংগীত পরিবেশন করেন। এরপর ছিল স্বরূপ হোসেনের তবলা বাদন। অনুষ্ঠানে অসিত দে ও পশ্চিমবঙ্গের শিল্পী শুভ্রা গুহ খেয়াল পরিবেশন করে। শিল্পীরা ছোট-বড় খেয়াল, তারানা ও ঠুমরি পরিবেশন করেন।আজ শুক্রবার অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। ছায়ানটের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করবেন বিলাস খানি টোড়ি রাগের ওপর খেয়াল। এরপর থাকবে অনিল কুমার সাহার খেয়াল, মোহাম্মদ মনিরুজ্জামানের বাঁশি, জগদানন্দ রায়ের খেয়াল, সত্যজিৎ চক্রবর্তীর সেতার ও রেজোয়ান আলীর খেয়াল পরিবেশন।সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে উৎসবের তৃতীয় অধিবেশন। চলবে সারা রাত। এই অধিবেশনে রামকানাই দাশ, প্রিয়াংকা গোপ, অনুপ বড়ুয়া, বিজনচন্দ্র মিস্ত্রী, লতিফুন জুলিও, খায়রুল আনামের খেয়াল এবং পিনুসেন দাশের তবলা, কলকাতার প্রত্যুষ ব্যানার্জির সরোদ, এবাদুল হকের সেতার, শাহাদাত হোসেন খানের সরোদ এবং গোপাল মিশ্র তবলা বাদন পরিবেশন করবেন।নাগরিকের নতুন নাটকঢাকার মঞ্চে এসেছে আরও একটি নতুন নাটক। নাগরিক নাট্যাঙ্গনের অষ্টাদশ প্রযোজনা হিসেবে গতকাল বৃহস্পতিবার মঞ্চায়ন হয়েছে পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ। জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। আর্থার মিলারের এই নাটকটি অনুবাদ করেছেন প্রৈতী হক। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।একটি শহর ঘিরে তৈরি হয়েছে পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ নাটকটি। সে শহরে নিদারুণ অস্থিরতা। প্রসাশনের ওপর জনগণ অতিষ্ঠ। একসময় শহরে মেয়র পদের নির্বাচনের ঘোষণা হয়। একদিন টম থমাস নামে একটি বিড়াল সকালে উঠে তার মনিবকে জানায়, সে মেয়র পদে নির্বাচন করবে। বিড়ালটির এমন সিদ্ধান্তে মনিব অবাক। আস্তে আস্তে শহরের সবার মুখে টম থমাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবর ছড়িয়ে পড়ে। টম শহরের অন্যান্য বিড়ালের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর হাঁড়ির খবর নিয়ে নেয়। খবরগুলো কাজে লাগিয়ে নির্বাচনে এগিয়ে যায় টম। ঘটতে থাকে নানা মজার ঘটনা।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাজু খাদেম, হূদি হক, সাজ্জাদ রেজা প্রমুখ।