
শাস্ত্রীয় সংগীতের শ্রোতা বাড়ছে দেশে। কিন্তু শাস্ত্রীয় সংগীতের চর্চা কেমন হচ্ছে? উত্তর পেতে হলে যেতে হবে গতকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ছায়ানটের শুদ্ধসংগীত উৎসেব। সেখানে পাওয়া যাবে সম্ভাবনাময় অনেক শাস্ত্রীয় সংগীতশিল্পীকে। ছায়ানটের প্রধান মিলনায়তনে সন্ধ্যায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। ২০০৮ সাল থেকে নিয়মিত এ আয়োজন করছে ছায়ানট।
ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম বলেন, এ উৎসব আয়োজনের উদ্দেশ্য ছিল ঢাকা ও ঢাকার বাইরের নবীন ও প্রবীণ শিল্পীদের সংগীত পরিবেশনের জন্য একটি মঞ্চ দেওয়া। উৎসবের উদ্বোধন করেন ওস্তাদ মো. ইয়াসিন খান। তরুণ বয়সে তিনি ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ, গজলসম্রাট মেহদি হাসান ও আরও বড় বড় গুণী শিল্পীর সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করে সুনাম কুড়িয়েছিলেন। এখন তাঁর বয়স ৮৫।
গতকাল প্রথম মঞ্চে আসেন ছায়ানটের শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন কর্ণাটকি রাগ হংসধ্বনি। একই রাগ বাঁশিতে শোনান মুর্তজা কবীর। রাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন অভিজিৎ কুণ্ডু। প্রিয়াঙ্কা গোপ পরিবেশন করেন রাগ শ্যামকল্যাণ। এরপর তবলা পরিবেশন করেন মীর নাকিবুল ইসলাম। কলকাতার ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠসংগীত দিয়ে শেষ হয় গতকালের পরিবেশনা। আজ উৎসবের দ্বিতীয় দিনে দুটি অধিবেশনে সংগীত পরিবেশিত হবে। একটি শুরু হবে সকাল নয়টায়, চলবে বেলা একটা পর্যন্ত। অন্যটি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে, চলবে সারা রাত।