শুদ্ধসংগীতের সুর-মূর্ছনায় মুখর শীতের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের শুরু থেকেই বেশ জাঁকিয়ে শীত পড়েছে রাজধানীতে। গতকাল বৃহস্পতিবারও ছিল সারা দিন কুয়াশায় আবছায়া। সন্ধ্যায় কনকনে শীতের হাওয়া। গায়ে গরম কাপড় চাপিয়ে মিলনায়তনের চার দেয়ালের ভেতরে বসে সুরের মনোহর স্রোতে ভেসে যাওয়ার আনন্দই আলাদা। সেই আনন্দের আয়োজন ছিল ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে।গতকাল থেকে শুদ্ধসংগীতের দুই দিনের উৎসব শুরু হলো ছায়ানটের আয়োজনে। উৎসব উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের প্রবাদতুল্য সংগীতগুণী সদ্য প্রয়াত সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উৎসবের উদ্বোধন করার কথা ছিল ছায়ানটের দীর্ঘকালের প্রবীণ শিক্ষক মদনগোপাল দাশের। তবে অসুস্থতার জন্য তিনি আসতে না পারায় তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। ধন্যবাদ দেন সভাপতি সন্জীদা খাতুন।গানের পালা শুরু হয়েছিল ছায়ানটের শিক্ষার্থীদের সম্মিলিত পরিবেশনা দিয়ে। তাঁরা পরিবেশন করেন রাগ ভূপালী। এরপর পরাগপ্রতিম চক্রবর্তী পরিবেশন করেন ইমর রাগে খেয়াল। মাহমুদুল হাসান শোনান রাগ মারুবেহাগ। প্রিয়াঙ্কা গোপ পরিবেশন করেন রাগ মুলতানী। সবশেষে ছিল ধ্রুপদ সংগীতে উপমহাদেশের বিখ্যাত ডাগর ঘরানার শিল্পী মুম্বাইয়ের ওস্তাদ বাহাউদ্দিন ডাগরের বীণাবাদন। আজ শুক্রবারও দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট শিল্পীদের গান ও বাদনের সঙ্গে থাকবে কলকাতার শিল্পী অর্ণব চ্যাটার্জির কণ্ঠসংগীত।‘কমন জেন্ডার’ সারা দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছেপ্রত্যেক মানুষের মতো কোনো না-কোনো মায়ের গর্ভেই তাদের জন্ম। তাদের সবারই থাকে বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন। কিন্তু জন্মের পর প্রকৃতির অদ্ভুত খেয়ালে তাদের মধ্যে ঘটে লৈঙ্গিক পরিবর্তন। না পুরুষ, না নারী—এর মাঝামাঝি এক অবস্থান সৃষ্টি হয়। এরপর শুরু হয় নির্মমতা। হতে হয় ঘরছাড়া। লিঙ্গ-সংখ্যালঘু এসব মানুষের পরিচিতি ‘হিজড়া’ হিসেবে।এই মানুষদের দুঃখভরা জীবনের চলচ্চিত্ররূপ কমন জেন্ডার-দ্য ফিল্ম। আজ শুক্রবার ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ আহ্বান জানালেন, ‘আসুন, দৃষ্টিভঙ্গি পাল্টাই। নারী-পুরুষের মাঝে যে মানুষ, সেও মানুষ। “হিজড়া” শব্দটি অপমানজনক। এর বদলে “শিখণ্ডী” বলা যেতে পারে।’ তাঁর মতে, নারী ও পুরুষের বাইরে শিখণ্ডীরাও একটি লিঙ্গ। তিনি তৃতীয় লিঙ্গ হিসেবে এদের স্বীকৃতি দাবি করেন। পরিবার থেকে বিচ্ছিন্ন তৃতীয় লিঙ্গের এসব মানুষের স্থান হয় তাদের নিজস্ব সমাজে। তাদের প্রেম-কষ্ট-ভালোবাসা-অপ্রাপ্তি— এসবই কমন জেন্ডার ছবিটির উপজীব্য। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, জয়া শিকদার, আনিসুল ইসলাম, ছবিটির নির্মাতা নোমান রবিন প্রমুখ।বদরুদ্দীন উমরের বই উৎসবদেশের বিশিষ্ট লেখক বদরুদ্দীন উমরের ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর লেখা বই নিয়ে ‘বই উৎসব’ শুরু হয়েছে গতকাল। শ্রাবণ প্রকাশনী ১০ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। শাহবাগের আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শ্রাবণ প্রকাশনী কার্যালয়ে এই উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে বিশেষ মূল্য ছাড়ে বদরুদ্দীন উমরের বই কিনতে পারবেন ক্রেতারা। সুরতীর্থের রবীন্দ্রসংগীতআজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে নিয়মিত দর্শনীর বিনিময়ে পাক্ষিক অনুষ্ঠানে সংগীত সংগঠন সুরতীর্থ পরিবেশন করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বদেশ পর্যায়ের গান’। এর গ্রন্থনা ও সংগীত পরিচালনায় রয়েছেন শিল্পী মিতা হক।অনুষ্ঠানটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে। সংগীত সংগঠন সমন্বয় পরিষদের এটি বিংশতম নিবেদন।