শুধু অভিনয় করতে চাই
বসুন্ধরা সিটিতে চলছে খোঁজ—দ্য সার্চ। মেয়েটি বন্ধুদের সঙ্গে দেখতে গেলেন নিজের প্রথম চলচ্চিত্র। বড়পর্দায় নিজেকে দেখে মুগ্ধ। প্রথমবার মনে হলো জীবন সার্থক। একটু লাজুক মেয়েটির নাম সুমাইয়া আজগার রাহা। ‘এত সুন্দর লাগছে বড়পর্দায়! বলতে দ্বিধা নেই, নিজের সৌন্দর্য সেবারই প্রথম চোখে পড়ল। চলচ্চিত্রটি করার সময় বুঝতে পারিনি। এখানে খলচরিত্রে অভিনয় করেছিলাম। প্রথম চলচ্চিত্রে এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। সবার ইচ্ছা থাকে সাধারণত মূল চরিত্রে অভিনয় করার। আমার এ বিষয়ে খানিকটা ভিন্নমত আছে। আমি চাই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে। সেটি যদি পার্শ্বচরিত্র হয় তাতেও কোনো আপত্তি নেই।’ রাহা বলেন। এ বছর টেলিভিশনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র মধুমতি। এটি শাহজাহান চৌধুরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র। ‘এখানে গ্রামের এক অসহায় গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি। শিগগিরই দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এটি নিয়ে বেশ আশাবাদী আমি।’ ল্যাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর মধ্য দিয়ে শুরু হয় রাহার পথচলা। এ পর্যন্ত চার-পাঁচটি বিজ্ঞাপন এবং বেশ কটি ধারাবাহিকে কাজ করেছেন—সকাল আহমেদের সীমানা পেরিয়ে, রেদওয়ান রনির উচ্চতর শারীরিক বিজ্ঞান, সালাহউদ্দিন লাভলুর স্বপ্নবাজার প্রভৃতি। এখন এনটিভিতে প্রচারিত হচ্ছে সকাল আহমেদের ধারাবাহিক নাটক টার্মিনাল। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রাহা। ছোটপর্দা, নাকি বড়পর্দা—কোথায় নিজেকে দেখতে ভালো লাগে? একটু ভেবে হেসে উত্তর দিলেন, ‘চলচ্চিত্র বড় মাধ্যম। সেখানে কাজ করার অভিজ্ঞতা অন্য রকম। বড়পর্দায় নিজেকে দেখলে কেমন যেন অচেনা লাগে। এই অনুভূতিটা উপভোগ করি। একইভাবে ছোটপর্দায় তো নিয়মিত কাজ করছি। ভালো লাগা না থাকলে সেটি করা সম্ভব হতো না। আর আমি শুধু অভিনয়ই করে যেতে চাই। একসময় র্যাম্প মডেলিং করতাম। ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। সবকিছু একসঙ্গে নিলে কোনোটাই ভালোভাবে করা যায় না।’লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে অনার্স পড়ছেন রাহা। কাজের পাশাপাশি পড়াশোনায়ও সময় দিতে হয়। সময়মতো সব কাজ করতে সাহায্য করেন মা। রাহা বলেন, ‘মায়ের জন্যই এত দূর আসতে পেরেছি। তবে বাবাও সমর্থন দেন। বন্ধুদের কথা কী বলব, ওরা একই সঙ্গে সমালোচক ও শুভাকাঙ্ক্ষী। আর ভক্তরা তো আছেই। ভক্তদের ভালোবাসা মাঝেমধ্যে বিড়ম্বনায় ফেলে দেয়।’শুধু রাহার ভক্ত আছে, তা নয়। তিনিও ভক্ত অনেকের। ‘তিন্নি আপু, জয়া আহসান, বিন্দু আপুর ভীষণ ভক্ত আমি। তিন্নি আপুর মডেলিং তো মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। আর ভাবতাম, কবে তাঁর মতো হতে পারব। জয়া আপুর অভিনয় নিয়ে বলার কিছু নেই। এককথায়, আমি তাঁর মতো অভিনয়শিল্পী হতে চাই।’রাহার মনে একটা সুপ্ত স্বপ্ন আছে—জীবনে একবার হলেও নোবেলের সঙ্গে কাজ করার স্বপ্ন। ‘নোবেল ভাইকে আমি এখনো সরাসরি দেখিনি। তাঁর সঙ্গে কোনো কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। জানি না, এই স্বপ্ন পূরণ হবে কি না। নিজের সব স্বপ্ন পূরণ করতে ভালো কাজ করে যেতে চাই।’