শুধু ছবি নয়

পাঠক, প্রথমেই আপনার জন্য একটি কুইজ—বলুন তো, এবারের ঈদের অনুষ্ঠানমালায় কোন নাটকটি দুটি চ্যানেলে প্রচারিত হয়েছে? এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার জানা। এক মুহূর্তেই আপনি হয়তো বলবেন, মাতিয়া বানু শুকু পরিচালিত এক পর্বের নাটক সীমানা পেরিয়ে।
হ্যাঁ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিউলি সাথীর জীবনকাহিনি অবলম্বনে নির্মিত এ নাটক ঈদের দিন প্রথমে প্রচারিত হয় দেশ টিভিতে। এরপর ঈদের দুই দিন বাদে আবার এটি প্রচার করে চ্যানেল নাইন। কিন্তু ঘটনা এখানে নয়, যে জন্য এত কথা খরচা, সেটি হলো, এ নাটকে প্রতিবন্ধী চরিত্রে শিউলি সাথীর ভূমিকায় অভিনয়শিল্পী ফারজানা ছবির অনবদ্য অভিনয়। গোটা নাটকে তাঁর সেভাবে কোনো সংলাপ নেই, আছে শুধুই সরব-নীরব অভিব্যক্তি। সেই অভিব্যক্তির কারণেই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তাঁকে নিয়ে উঠেছে ধন্য ধন্য রব।
এ কারণে ২ সেপ্টেম্বর সোমবার আমরাও ছুটেছিলাম ফারজানা ছবির বাসার উদ্দেশে। পথে যেতে যেতে চোখে ভাসছিল টেলিভিশনে দেখা নাটকের সেই প্রতিবন্ধী মেয়েটির মুখ। এর মধ্যে ছবির বাসায় যখন পৌঁছালাম, এক পশলা হাসি দিয়ে দরজা খুলে দিলেন তিনিই।
না, নাটকের প্রতিবন্ধী মেয়ে শিউলি সাথীর চরিত্রে অভিনয় করা ছবির সঙ্গে আমাদের সামনে বসা এই ছবির কোনো মিল নেই। ঘরভর্তি বই। তার মধ্যে বসে এখন তিনি বলছেন, ‘আসলে আমি যখন যে চরিত্রে অভিনয় করি, প্রথমেই বোঝার চেষ্টা করি—চরিত্রটি কোন বাস্তবতা ও মূল্যবোধ থেকে কথা বলে। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চাই।’
অভিনয়ের উঠোনে তাঁর পা পড়েছে সে তো বেশ আগে, ১৯৯৮ সালে—লিও তলস্তয়ের গল্প অবলম্বনে চিঠি নাটকে; কিন্তু ছোট পর্দায় কেন এখনো অতটা সরব নন তিনি?

আমাদের মনে যে প্রশ্নটির জন্ম, সেটা তাঁর কাছে পাড়তেই এল চটজলদি উত্তর, ‘যখন প্রথম অভিনয় করি, ক্লাস নাইনে পড়তাম। মাঝখানে এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সের জন্য অভিনয়ে বিরতি দিতে হয়েছে। এখন পড়াশোনা শেষ। আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি, যে অভিনয় আমাকে তৃপ্তি দেবে, যেখানে আমি নিজেকে ভাঙতে পারব। জানেন, যখন একা থাকি, আমার অভিনীত চরিত্ররা আশপাশে ঘুরঘুর করে। তাদের সঙ্গে কথা বলি আমি। আমার কাছে গ্ল্যামার মানে যখন আমি যে চরিত্রে অভিনয় করছি, সেই চরিত্রের রক্ত-মাংসের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়া।’
এ দেখি বেশ ভারী ভারী কথা শুরু হলো— পাঠক, ছবির কথাবার্তা শুনে এমন মনে হতেই পারে আপনার। তবে সীমানা পেরিয়েতে তাঁর অভিনয় যদি আপনার দেখা থাকে, তাহলে হয়তো মনে হবে—হক কথাই তো বলেছে মেয়েটি।
আসুন, ছবির মুখে এবার আমরা শুনে নিই সীমানা পেরিয়ে নাটকে কীভাবে অভিনয় করলেন তিনি।
‘রোজার মধ্যে হঠাৎ একদিন শুকু আপা (মাতিয়া বানু) আমায় ফোন করে বললেন, “ছবি, তুমি কি একটা চ্যালেঞ্জ নিতে পারবা? এমন একটা চরিত্র কি তুমি করতে পারবা, যেটা দেখে তোমার মাও তোমাকে চিনতে পারবেন না?” এরপর ওই চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে আমি বেশ কিছুদিন শিউলি সাথীর সঙ্গে কাটিয়েছি। এমনকি শুটিংয়েও তিনি ছিলেন আমার সঙ্গে। পরে নাটক প্রচারিত হলে তিনি আমায় বলেন, “আপা, আপনি ঠিকভাবেই আমার চরিত্রে অভিনয় করেছেন, আমার পায়ের আঙুল থেকে কপাল পর্যন্ত—সবই আপনি ঠিকঠাকভাবে দেখিয়েছেন। আপনার অভিনয় দেখে এই প্রথম যেন নিজেকে দেখতে পেয়েছি আমি।”’
কথায় কথায় ছবি জানান, শিউলি সাথী এখন সুস্থ এবং অভিনয় প্রসঙ্গে শিউলির মন্তব্যটি তাঁর জীবনের অনেক বড় প্রাপ্তি।
বেশ কিছু নাটক নিয়ে এখন ব্যস্ত সময় তাঁর। তার পরও নিয়মিত ছবি দেখা বই পড়া—এগুলোর জন্য ঠিকই বের করে নেন সময়। বললেন, ‘বই না পড়লে, ছবি না দেখলে অভিনয় শিখব কোত্থেকে! আমি তো মাত্র শিখতে শুরু করেছি। যেতে হবে বহুদূর...।’
সেই ‘বহুদূর’টি কত দূর? পাঠক জেনে রাখুন, ছোট পর্দা পেরিয়ে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন তিনি।
শেষ করব ছবির এক টুকরা কথা দিয়ে, ‘অভিনয় আমার জীবিকা নয়, জীবন।’