শুধু নামেই মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স
এফডিসির আধুনিকীকরণের নামে চারদলীয় জোট সরকারের সময় ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স তৈরি করা হয়। পরে এ ভবনের নামকরণ করা হয় প্রয়াত নায়ক মান্নার নামে। কিন্তু এই ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সটি এখন অকার্যকর হয়ে পড়ে আছে। জানা গেছে, এর অবকাঠামো উন্নয়নের দিকে যেমন অনিয়ম করা হয়েছে, তেমনি কারিগরি দিকও ঠিক ছিল না।অভিযোগ পাওয়া গেছে, যাঁরা এই ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে যন্ত্রপাতি স্থাপন করার দায়িত্বে ছিলেন, তাঁরা এফডিসির কিছু কর্মকর্তার যোগসাজশে নতুন ও পুরোনো—দুই ধরনের যন্ত্রপাতিই সরবরাহ করেন। ফলে এখানে নির্মাতাদের পক্ষে ডিজিটাল সাউন্ডের কারিগরি সুবিধায় কাজ করা সম্ভব হয়নি।একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এখানে রিভার্স টেলিসিনে কাজ করার যে প্রযুক্তির সুবিধা থাকার কথা ছিল, তা পাওয়া যায়নি। তা ছাড়া প্রয়োজনীয় কম্পিউটারগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর। ফলে তা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে ডিটিএস সাউন্ড সিস্টেম থাকার কথা থাকলেও তা নেই। একটি অপটিক্যাল ক্যামেরা আছে, সেটিও নির্মাতারা ব্যবহার করতে পারছেন না।চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম বলেন, ‘অনেক আশা জাগিয়ে এই ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুফল নির্মাতারা পাননি। রহস্যজনক কারণে বছরখানেক ধরে রিভার্স টেলিসিনে কাজ করা যাচ্ছে না। এখানে সম্পাদনার জন্য কারিগরি সুবিধা স্থাপন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। শুনেছিলাম, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির কোনো প্রতিবেদনের কথা আমরা শুনিনি।’এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ বলেন, ‘এসব অভিযোগের কিছু সত্যতা আছে। ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সকে পুরোপুরি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা পুরোনো যন্ত্রপাতি নিয়ে এসেছেন, তাঁরা এখন নতুন যন্ত্রপাতি দেওয়ার অঙ্গীকার করেছেন। এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে এফডিসি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। আর রিভার্স টেলিসিন মেশিনে যেন শিগগিরই কাজ করা যায়, সেই চেষ্টাও চলছে। ডিটিএস সাউন্ড সিস্টেমকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, সবকিছু কাজের উপযোগী করে তুলতে কিছুটা সময় লাগবে।