শুধু বাণিজ্যিক ছবিতেই অভিনয় করবেন সাইফ
গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার পর সাইফ আলী খান অভিনীত ‘রেস টু’ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এরই মধ্যে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছেন ‘রেস টু’। এই সাফল্যের রেশ ধরে রাখতে এখন থেকে কেবল বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন বলেই জানিয়েছেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ। সাইফের ইলুমিনাতি ফিল্মসের পরবর্তী ছবি ‘গো গোয়া গান’। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা জুটি রাজ নাদিমড়ু ও কৃষ্ণ ডি কে’র পরিচালনায় ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন সাইফ। এর আগে ‘৯৯’ ও ‘শোর ইন দ্য সিটি’র মতো ব্যতিক্রমী ছবি পরিচালনা করেছিলেন রাজ ও কৃষ্ণ। ‘গো গোয়া গান’ ছবির পর আর কোনো নিরীক্ষাধর্মী চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হতে চান না সাইফ। স্রেফ বাণিজ্যিক ছবিতেই পুরো মনোযোগ কেন্দ্রীভূত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামনে কেবল বাণিজ্যিক ছবি পরিচালনা করেন এমন নির্মাতাদের সঙ্গেই তিনি কাজ করবেন। ভারী বিষয়বস্তুর চেয়ে হালকা ও দর্শকচাহিদা রয়েছে এমন বিষয়বস্তুর ছবির সঙ্গেই সম্পৃক্ত থাকতে চান সাইফ। এক খবরে জানিয়েছে মিড-ডে। এ প্রসঙ্গে সাইফের ভাষ্য, ‘সফল ছবি হিসেবে প্রমাণিত হয়েছে “রেস টু”। এ থেকে আমি উপলব্ধি করেছি, ছবি থেকে আয়ের অঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সম্ভব কেবল বাণিজ্যিক ছবিতে। এ জন্য আপাতত কেবল এ ধরনের ছবিতেই নিজেকে সম্পৃক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ সাইফ আরও বলেন, ‘বর্তমানে টিগমাংশু ঢুলিয়ার “বুলেট রাজা” ছবিতে অভিনয় করছি। তিনি আমাকে চমত্কার একটি চরিত্র দিয়েছেন। বাণিজ্যিক ও বিকল্প ধারার চলচ্চিত্রনির্মাতা হিসেবে পরিচিতি রয়েছে ঢুলিয়ার। তাঁর সঙ্গে কাজ শেষ হলে সাজিদ খান ও প্রভুদেবার পরিচালনায় কাজ করার পরিকল্পনা আছে।’ এই দুই নির্মাতাই বিনোদনে ভরপুর বাণিজ্যিক ছবি উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন।