
জাতীয় জাদুঘরে উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার ছুটির দিনে সন্ধ্যায় সে ভিড়ের আমেজ লেগেছিল প্রধান মিলনায়তনটিতেও। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনের প্রায় সব আসন পূর্ণ। দুই দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকীর আয়োজন ছিল সেখানে।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা নজরুল বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম তুলে ধরলেন নজরুলের সৈনিক জীবনের কথা। তিনি বলেন, এ বছর একটি কারণে গুরুত্বপূর্ণ। ১৯১৭ সালে নজরুল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এ বছরটি ২০১৭ সাল। নজরুলের সৈনিক জীবনের শতবর্ষ পূর্ণ হলো। এই সামরিক জীবনের প্রভাব নজরুলের লেখায় ছিল।
তিনি আরও বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য যখন পশ্চিমাদের কলোনিতে পরিণত হয়, তখন নজরুল লিখেছিলেন ‘শাত-ইল-আরব’ কবিতাটি। এ ছাড়া সে সময় বলশেভিক বিপ্লবও নজরুলকে প্রেরণা জুগিয়েছিল। তিনি শুধু বিদ্রোহী ছিলেন না, শতবর্ষ আগে তিনি যে কথা লিখেছিলেন তা দেখে তাঁর দূরদৃষ্টিও বোঝা যায়।
স্বাগত বক্তব্যে সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম বলেন, কাজী নজরুল ইসলামের গান যথেচ্ছভাবে গাওয়া হচ্ছিল। গুরুজনদের সঙ্গে নিয়ে কীভাবে এ সংগীত শুদ্ধভাবে উপস্থাপন করা যায়, সে লক্ষ্যেই এই সংস্থা প্রতিষ্ঠা করা হয়। শুধু উপস্থাপন নয়, শিল্পীদের সচেতন করেও তোলা হবে এ সংস্থার কাজ।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন সংস্থার সহসভাপতি জোসেফ কমল রড্রিক্স। ‘সত্যের জয় হোক, সাম্যের জয় হোক’ স্লোগান নিয়ে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে শিল্পী সুধীন দাশকে। আলোচনা অনুষ্ঠানের পর সম্মেলক প্রার্থনাসংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরশাদ শাহীনের গ্রন্থনায় পরিবেশিত হয় গীতি-আলেখ্য। সামিনা হোসেনের পরিচালনায় নৃত্য পরিবেশন করে ‘ভাবনা’ নাচের দল। গান পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। মিতা মোস্তফা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।