
একবার মানা যায়। দুর্ঘটনা দ্বিতীয়বারও ঘটতে পারে। কিন্তু তৃতীয়বারও একই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি? বিরক্ত হওয়াটাই তো স্বাভাবিক। শুধু কি বিরক্তি? রাগ আর ক্ষোভে ফেটে পড়লেও একে অন্যায় বলা যাবে না। কিন্তু শাহরুখ তেমন কিছুই করেননি। শুধু একটা টুইট করে সবাইকে জানিয়ে দিলেন, আবারও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের ইমিগ্রেশনে তাঁর আটক হওয়ার কথা। ব্যস, তাতেই সাড়া পড়ে গেল সবখানে। তাঁর ভক্তমহল থেকে শুরু করে মার্কিন প্রশাসন পর্যন্ত নড়েচড়ে বসল। শাহরুখের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও। কিন্তু শাহরুখের সঙ্গেই কি বারবার এমনটা হয়? নাকি এ তালিকায় আছেন বলিউডের আরও প্রতাপ ও প্রভাবশালী তারকারা?
শাহরুখ একটু ঠোঁটকাটা বলে বরাবরই তাঁর বিমানবন্দরে আটক হওয়ার খবর আলোড়ন তোলে গণমাধ্যমে। প্রতিবারই তিনি আটক হন মার্কিন মুলুকের বিমানবন্দরে আর প্রতিবারই এ নিয়ে তিনি করেন মজার কোনো মন্তব্য। ব্যস, এ নিয়েই চলতে থাকে আলোচনা-সমালোচনা। এবার যেমন শাহরুখ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে মজা করে ‘পোকেমন’ বললেন। এর আগেও ২০১২ সালে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, ‘যখনই নিজের ভেতর তারকা হওয়ার অহংবোধ বেড়ে যায়, তখনই আমি যুক্তরাষ্ট্রে আসি। তারা আমার ভেতর থেকে তারকা হওয়ার অহংবোধ দূর করে দেয়।’ তা ছাড়া এর আগে ২০০৯ সালেও তো মাই নেম ইজ খান ছবির প্রচারে যুক্তরাষ্ট্রে এসেও এমনই হেনস্তা হয়েছিলেন তিনি এবং সে সময়ও তাঁর ‘সেন্স অব হিউমার’ এ বিষয়টিকে নিয়ে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আমির খান
যুক্তরাষ্ট্রের এমন কঠোর নিরাপত্তার জালে বাঁধা পড়েছিলেন অভিনেতা আমির খানও। ২০১২ সালে শিকাগো বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয় কয়েক ঘণ্টা। কিন্তু নিভৃতচারী আমির সেই কঠিন সময়টার কথা নিয়ে এখন পর্যন্ত কিছু বলেননি। তবে সেই সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন বলেছিলেন, আমিরকে লম্বা সময় ধরে জেরা করেন বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা। এমনকি তাঁর পোশাক খুলেও নাকি তল্লাশি করা হয় সে সময়।

ইরফান খান
তবে বলিউডে এমন কয়েকজন তারকাও রয়েছেন, যাঁরা নিজেদের এই হেনস্তার কথা মনেও রাখতে চান না। শাহরুখের মতো রাগ আর ক্ষোভকে ঠাট্টায় বদলে ফেলতে পারেন না। এই যেমন ইরফান খান। যুক্তরাষ্ট্রের দুটি বিমানবন্দরে দুবার জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছিলেন তিনি। সে সময়ের কথা মনে করে ইরফান বলেন, ‘শারীরিকভাবে হেনস্তা হওয়ার চেয়ে তাঁদের (ইমিগ্রেশন কর্তৃপক্ষ) প্রশ্ন ও মন্তব্যগুলো মানসিকভাবে অনেক যন্ত্রণা দেয়। সেই সময়টা ক্ষোভ ও কষ্টে ফেটে পড়তে ইচ্ছা করে। কিন্তু সে সময় তাঁদের কোনো প্রশ্ন করা তো দূরে থাক, কোনো কথা পর্যন্ত বলা যায় না। শুধু আমার নামের শেষে খান পদবিটি আছে বলেই বারবার এমন অপদস্থ হতে হয়।’

জন এব্রাহাম
নামের শেষে খান না থাকলেও মার্কিন বিমানবন্দরে আটকে গিয়েছিলেন বলিউডের তারকা জন এব্রাহাম। ২০০৯ সালে নিউইয়র্কের বিমানবন্দরে জন এব্রাহামকে আটক করে লম্বা সময় জেরা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাঁকে আটকের কারণ, জনের পাসপোর্টে আফগানিস্তানের ভিসা ছিল, যা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মনে সন্দেহের জন্ম দেয়। এবং এর ফলেই জনকে হতে হয় জেরার শিকার।

কবির খান
ইরফান খান তো বললেন তাঁর জিজ্ঞাসাবাদের দুঃসহ স্মৃতির কথা। কিন্তু এক থা টাইগর, বজরঙ্গি ভাইজান ছবির নির্মাতা কবির খানের স্মৃতিটা আরও ভয়ংকর। ৯/১১-এর ঘটনার ১৫ দিন পর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনে যাচ্ছিলেন। সে সময় উড়োজাহাজে পাশের সহযাত্রীর সঙ্গে হিন্দিতে কথা বলায় বিমানেই তাঁকে পুলিশি জেরার শিকার হতে হয়। তাঁকে নিজ আসন থেকে উঠিয়ে নিয়ে বসানো হয় উড়োজাহাজের জনশূন্য এক কক্ষে। সেখানে ফ্লাইটের পুরো সময়টা তাঁকে জেরা করা হয়। এমনকি ওয়াশিংটন পৌঁছানোর পরও বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা তাঁকে আটক রাখা হয়।

এবার ভিন্ন প্রসঙ্গ...

তবে বলিউডের তারকারা যে শুধু যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামের শেষে ‘খান’ পদবি থাকার কারণে আটকা পড়েছেন, এমনটা নয়। তাঁরা তাঁদের নিজ দেশের বিমানবন্দরগুলোতেও নানা সময় হয়েছেন হেনস্তার শিকার। যেমন রণবীর কাপুরকে একবার মুম্বাইয়ের একটি বিমানবন্দরে শুল্ক না দিয়ে অতিরিক্ত মালামাল আনার কারণে

আটক করা হয়। পরে শুল্কসহ ৭০ হাজার রুপি জরিমানা দিয়ে ছাড়া পেতে হয় তাঁকে। একই অবস্থা হয়েছিল অভিনেত্রী আনুশকা শর্মার। তিনি শুল্ক না দিয়েই ৪৫ লাখ রুপি সমমূল্যের অলংকার ও ঘড়ি নিয়ে ঢুকছিলেন ভারতে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে জরিমানা করে। বিপাশাকেও একই কারণে ভারতের এক বিমানবন্দরের শুল্ক বিভাগকে দিতে হয়েছিল ১২ হাজার রুপি। তাই বলতে হয়, শুধু পদবির কারণে নয়, মাঝেমধ্যে তারকারা নিজ দোষেও বিমানবন্দরে হেনস্তার শিকার হন। তবে বেচারা শাহরুখ বারবার হন পরিস্থিতির শিকার!
l আদর রহমান
মিড ডে, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে