শুনতে কি পাও!
বিশ্বের প্রাচীনতম প্রামাণ্য ছবির উৎসব জার্মানির ডক-লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে আমন্ত্রিত হয়েছে শুনতে কি পাও। পাশাপাশি ছবিটি উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করবে। পূর্ণদৈর্ঘ্য এই প্রামাণ্য ছবিটি নির্মাণ করেছেন কামার আহমাদ ও সারা আফরীন।জার্মানির লাইপজিগেতে ১৯৫৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে প্রামাণ্য ছবির এ উৎসব। উৎসবের লোগো নকশা করেন পাবলো পিকাসো। ছবির পরিচালক কামার আহমাদ বলেন, ‘আমি মনে করি, এই স্বীকৃতি বাংলাদেশের উদীয়মান সব নির্মাতার জন্য, যারা বাংলাদেশের চলচ্চিত্রে দিনবদলের স্বপ্ন দেখে।’সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রামের রোজকার গল্প নিয়ে তৈরি হয়েছে শুনতে কি পাও ছবিটি।এ বছরের গোড়ার দিকে বার্লিন চলচ্চিত্র উৎসবের বিশেষ আসর ট্যালেন্ট ক্যাম্পাসের সম্পাদনা ল্যাবে আমন্ত্রণ পায় শুনতে কি পাও। ছবিটি এর আগে বিশ্বের বৃহত্তম প্রামাণ্য ছবির উৎসব আমস্টারডামের ইডফা থেকে চিত্রনাট্য ও প্রযোজনার জন্য দুটি পুরস্কার জিতেছে। সম্পাদনার জন্য পুরস্কার পেয়েছে সুইজারল্যান্ডের ভিশন সুদ ইস্ট থেকে।