শুভ ও মেহজাবিনকে নিয়ে লাভলুর ‘ওয়ারিশ’
মে মাসের শুরুতেই নতুন ছবির কাজ শুরু করছেন সালাহউদ্দিন লাভলু। ছবির নাম ওয়ারিশ। আর ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ ও লাক্স-চ্যানেল আই সুপার স্টার মেহজাবিন। লাভলু জানান, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও শিল্পীদের সঙ্গে কাজের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।ওয়ারিশ ছবির কাজ শুরু হওয়ার কথা শোনা গিয়েছিল আরও আগেই। সঙ্গে আরও জানা গিয়েছিল, ছবির শিল্পী তালিকায় চমক রাখবেন পরিচালক। দেশের বাইরের দু-একজন শিল্পীর নামও শোনা যাচ্ছিল। লাভলু বললেন, ‘ছবির শিল্পী চূড়ান্ত হতে একটু সময় লেগেছে। তবে আমি সব সময় চেয়েছি, দেশি শিল্পীদের নিয়েই কাজ করব। আর কোনো বিদেশি শিল্পী সুফলটা নিয়ে যাবে, সেটাও মেনে নিতে পারছিলাম না।’ ছবির কাজ হবে ৭৫ দিন। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, টেকনাফ, কক্সবাজার, রাজশাহী, গাজীপুর আর ঢাকায় হবে শুটিং। এরই মধ্যে প্রিন্স মাহমুদ ও এস আই টুটুল দুটি করে চারটি গান তৈরি করেছেন। এগুলোয় কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও এস আই টুটুল। একটি গানে কণ্ঠ দেওয়ার সম্ভাবনা আছে জেমসের। ছবিতে আরও দুটি গান থাকবে। আর সেগুলো তৈরির জন্য ফুয়াদের সঙ্গে আলোচনা করছেন লাভলু। এ মাসেই ছবির বাকি গানগুলোর কাজ শেষ হবে। এরপর গানগুলো বিভিন্ন এফএম রেডিওতে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। লাভলু তাঁর প্রথম ছবি মোল্লাবাড়ীর বউ-এর কাজ করেছিলেন বছর পাঁচেক আগে।