শুভ জন্মদিন, ইনারিতু

‘দ্য রেভেন্যান্ট’কে ভুলে গেছেন? মনে হয় না। অস্কারে আলোচনায় থাকা ‘দ্য রেভেন্যান্ট’ ছবিকে ভোলা যায় না। তবে এই ছবির স্রষ্টাকেও নিশ্চয়ই মনে আছে। আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু তাঁর নাম। মেক্সিকান এই চলচ্চিত্রকার জন্মেছিলেন আজ।
১৯৬৩ সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে জন্ম হয় এই চলচ্চিত্রশিল্পীর। প্রথম মেক্সিকান পরিচালক হিসেবে অস্কার মনোনয়ন পান। ‘ডিরেক্টর গিল্ড অব আমেরিকা’র সেরা পরিচালক হিসেবে ভূষিত হন। শুধু তা–ই নয়, কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে প্রথম মেক্সিকানও তিনি। এ পর্যন্ত তাঁর তৈরি ছয়টি ছবিই বিশ্ব চলচ্চিত্রে সাড়া ফেলে। অস্কার আসরে দুবার সেরা পরিচালকের পুরস্কার ঘরে তোলেন। তাঁর সর্বশেষ ছবি ‘রেভেন্যান্ট’ তো গত অস্কার আসরে সাড়া ফেলে দেয়।
চলচ্চিত্র পরিচালনার আগে ইনারিতু পা রেখেছেন বিভিন্ন জগতে। টিভি প্রযোজক থেকে শুরু করে ডিজে ও গীতিকার হিসেবেও কাজ করেন। ১৯৮০ সালে মেক্সিকোর ডব্লিউ এফএম রেডিওতে ডিজে হিসেবে কাজ করেন। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি মেক্সিকান বিভিন্ন ছবির জন্য সংগীত পরিচালনা করেন। এরপর তিনি টিভি প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জেটা ফিল্মস’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনি অনেক বড় বড় বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন।
১৯৯৯ সালে ইনারিতু তাঁর প্রথম চলচ্চিত্র ‘আমোরেস প্যাররোস’ নির্মাণে হাত দেন। ২০০০ সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী করেন। ছবিটি সেখানে আলোচিত হয় এবং ক্রিটিকস উইক গ্রান্ড প্রাইজ জিতে নেয়। অস্কারে ছবিটি সেরা বিদেশি ছবি হিসেবে মনোনয়ন পায়। এরপর একের পর এক চমৎকার সব ছবি উপহার দিয়ে যান ইনারিতু। ‘আমোরেস প্যাররোস’, ‘টুয়েন্টি ওয়ান গ্রামস’, ‘ব্যাবেল’, ‘বিউটিফুল’, ‘বার্ডম্যান’ ও ‘রেভেন্যান্ট’—এই ছয়টি ছবিই তিনি তৈরি করেছেন। এর মধ্যে ‘বার্ডম্যান’ নয়টি শাখায় মনোনয়ন পায় এবং সেরা পরিচালক ও সেরা ছবিসহ চারটি শাখায় অস্কার জেতে। ‘দ্য রেভেন্যান্ট’ ছবিটিও শেষ অস্কার আসরে সাড়া ফেলে। ছবিটি সেরা পরিচালক, সেরা অভিনতা ও সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতে নেয়।
বায়োগ্রাফি ও আইএমডিবি অবলম্বনে