শুভ জন্মদিন, বাংলার বন্ধু কাইফি আজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবানা আজমি ও কাইফি আজমি
শাবানা আজমি ও কাইফি আজমি

বয়স সবে ১১। ভারতের আজমগড়ের ছেলেটি জীবনের প্রথম গজলটি লিখে ফেললেন কিশোর হাতে। ১১ বছরে শুরু হয়েছিল যে লেখা, তা তাঁকে নিয়ে যায় মহান গীতিকার ও কবির আসনে। তাঁর নাম আতহার হোসাইন রিজভি। তবে তিনি কাইফি আজমি নামেই বহুল পরিচিত। বাংলাদেশের কাছে তাঁর বড় পরিচয়—তাঁর কবিতায় উঠে এসেছিল মুক্তিযুদ্ধের কথা। আজ এই গীতিকবির জন্মদিন।
১৯১৮ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের আজমগড়ে জন্ম নেন এই উর্দু ভাষার কবি। কৈশোরেই লেখালেখির প্রতি ঝোঁক তৈরি হয় কিশোর কাইফির। ১৯ বছর বয়সে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। সেখানে দলের বিভিন্ন লেখার কাজ চলত তাঁকে দিয়েই। পার্টির কাগজ ‘কউমি জং’-এ লেখা শুরু করেন এবং পাড়ি জমান মুম্বাই শহরে।
১৯৫২ সালে শহীদ লতিফের ছবিতে গান লেখার মধ্য দিয়ে চলচ্চিত্রজীবনের শুরু। অসংখ্য ছবিতে গান লিখে হয়ে ওঠেন অন্যতম একজন গীতিকার। তাঁর গান আছে এমন উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে—‘শামা’, ‘কাগজ কি ফুল’, ‘শোলা অর শবনম’, ‘অনুপমা’, ‘আখেরি খত’, ‘হাকিকত’, ‘আর্থ’ ইত্যাদি। তিনি অবশ্য ছবির সংলাপও লিখেছিলেন। চেতন আনন্দের ছবি ‘হির রানঝা’র সব সংলাপ কবিতায় লিখে ইতিহাস গড়েছিলেন তিনি। ‘গরম হাওয়া’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখে জাতীয় পুরস্কার ও ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা।
শ্রেণি বিভেদ ও সামাজিক সচেতনতায় লিখেছেন অসংখ্য কবিতা। তিনি মনে করতেন, কবিতা সমাজ পরিবর্তনে বাদ্যযন্ত্রের মতো ব্যবহার হওয়া উচিত। নারী অধিকারের পক্ষে ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন। তাঁর বিখ্যাত লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আউরত’, ‘মাকান’, ‘দাইরা’, ‘বাহুরুপনি’ ইত্যাদি। ‘মেরি আওয়াজ সুনো’ নামে হিন্দি ছবিতে তাঁর গান নিয়ে একটি সমগ্র করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের নির্যাতনের কথা ফুটে ওঠে কাইফির কবিতায়। বাংলার বন্ধু এ কবিকে ভোলেনি বাংলাদেশ। কাইফি আজমিকে দেওয়া হয় সম্মাননা।
কাইফি বিয়ে করেন থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী শাউখাত আজমিকে। সে ঘরে জন্ম নেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি এবং ভারতীয় চিত্রগ্রাহক বাবা আজমি। শাবানা আজমির স্বামী বর্তমানের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার।

২০০২ সালের ১০ মে ৮৩ বছর বয়সে এ উর্দু কবি ও গীতিকার মারা যান।

সূত্র: আজমিকাইফিডটকম