শুভ জন্মদিন, মাস্টার অব সাসপেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেড হিচকক
আলফ্রেড হিচকক

অতিকায় আকার তাঁর। রাতের খাবারের তালিকাটাও বেশ লম্বা। একটি মুরগির রোস্ট, আলু, দু’রকম সবজি, রুটি, ওয়াইন, সালাদ, ডেজার্ট ও এক বোতল ব্র্যান্ডি। তবে এ কথা বলার মানে এই নয় যে, তিনি ভোজন রসিক হিসেবে পরিচিতি পেয়েছেন। চলচ্চিত্রই তাঁকে পরিচিতি দিয়েছে। বিখ্যাত এই চলচ্চিত্রকারকে বলা হয় ‘মাস্টার অব সাসপেন্স’। বিশ্ব চলচ্চিত্রকে তিনি উপহার দিয়েছেন দুর্দান্ত সব থ্রিলার ছবি। আজ ছিল সেই আলফ্রেড হিচককের জন্মদিন।
একাধারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও টিভি ব্যক্তিত্ব হিচককের জন্ম হয় ১৮৯৯ সালের এই দিনে যুক্তরাজ্যের লন্ডন শহরে। ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠেন হিচকক। শৈশবে তিনি ছিলেন বেশ নিঃসঙ্গ। এ জন্য তিনি দায়ী করেছেন তাঁর মোটা শরীরটাকে। ১৯২০ সালে সিনেমায় কাজ শুরু করার আগে কিছুদিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন।
হিচকক ছিলেন খুব ভালো চিত্রশিল্পী। সে জন্যই হয়তো সিনেমায় কাজ শুরু করেন একজন সেট আঁকিয়ে হিসেবে। ‘অল ওয়েজ টেল ইওর ওয়াইফ’ ছবির পরিচালক অসুস্থ হয়ে পরলে এর অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব গিয়ে পড়ে হিচককের ওপর। ১৯২২ সালে হিচকক ‘নাম্বার ১৩’ নামে একটি ছবির কাজ পেলেও স্টুডিও বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর করা হয়নি। ১৯২৫ সালে তিনি নির্মাণ করেন ‘দ্য প্লেজার গার্ডেন’। ব্রিটিশ ও জার্মান যৌথ প্রযোজনার এ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর ১৯২৭ সালে হিচকক তৈরি করেন তাঁর বিখ্যাত ছবি ‘দ্য লজার’। সেই বছরই তিনি বিয়ে করেন আলমা রেবেলকে।
১৯৪০ সালে হিচকক সপরিবারে হলিউডে পাড়ি জমান। সেই বছর উপহার দেন বিখ্যাত চলচ্চিত্র ‘রেবেকা’। ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়। হিচকক তাঁর চলচ্চিত্রজীবনে ৫০টিরও বেশি সিনেমা তৈরি করেছেন। যার মধ্যে ‘রেয়ার উইন্ডো’, ‘দ্য থার্টি নাইন স্টেপস’, ‘দ্য বার্ডস’ ও ‘সাইকো’ অন্যতম। তাঁর সিনেমাগুলোর একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, নিজের বেশির ভাগ ছবির কোনো একটি দৃশ্যে তাঁকে দেখা যেত, যাকে ‘ক্যামিও’ চরিত্র বলে।
১৯৭৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাঁকে ‘আজীবন সম্মাননা’ দেয়।
এক বছর পরে ১৯৮০ সালের ২৯ এপ্রিল তিনি মারা যান।