শুভ জন্মদিন সুচিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ধাঁধা। বলুন তো, আমরা কোন অভিনেত্রীর কথা বলছি, বাবার চাকরির সুবাদে যার বাল্যকাল কেটেছিল যশোরে, এরপর পাবনায়? দুই ভাই ও পাঁচ বোন তাঁরা। বুঝতে পারছেন? আচ্ছা, তাঁর নামটাও বলে দিই। কৃষ্ণা দাশগুপ্ত। ছোট বোনেরা তাঁকে ডাকত ‘রাঙাদি’ বলে। এবার চিনেছেন তো?এখনো চিনতে পারেননি? তাহলে তাঁর ডাকনামটি বলছি, ‘রমা’। আশা করি এবার আর চিনতে ভুল করছেন না আপনি। করুণাময় দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্তের এই মেয়েটিই একসময় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছিলেন।ভণিতা বাদ। এই কৃষ্ণা দাশগুপ্ত যখন ১৯৫৩ সালে অভিনয় শুরু করলেন, তখন তাঁর নাম হলো সুচিত্রা সেন। ১৯৩১ সালে জন্ম তাঁর। ১৯৭৮ সালে প্রণয়পাশা ছবিতে শেষবারের মতো পর্দায় এসেছিলেন তিনি। এরপর স্বেচ্ছা নির্বাসন। কলকাতায় নিজের বাড়িতে থাকেন তিনি। মেয়ে, নাতনিদ্বয় আর খুব প্রয়োজনীয় মানুষ ছাড়া কারও সঙ্গেই দেখা করেন না আর।সুচিত্রা সেনের অভিনয়জীবনের প্রথম অভিনীত ছবি কাজরী। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সাত নম্বর কয়েদি, মুক্তি পায় ১৯৫৩ সালে। সুদীর্ঘ ২৬ বছরের অভিনয়জীবনে ৫৩টি বাংলা ও সাতটি হিন্দি ছবি করেছেন। তিনি উত্তমকুমার, বসন্ত চৌধুরী, অশোক কুমার, দিলীপ কুমার, দেব আনন্দ, সঞ্জীব কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বিকাশ রায়, সমর রায়, রবীন মজুমদার, প্রশান্ত কুমার, দীপক মুখোপাধ্যায়, উৎপল দত্ত, গুলজার, শেখর, ভরত ভূষণসহ আরও অনেক নায়কের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন। সুচিত্রা-উত্তমের মতো জনপ্রিয় রোমান্টিক জুটি বাংলা চলচ্চিত্রে বিরল। উত্তম-সুচিত্রার হারানো সুর ছবি দেখে সে সময়ের তরুণেরা (আজ যাঁরা দাদু) যেমন পবিত্র রসে বিমুগ্ধ হয়েছেন, এ যুগের তরুণেরাও হারানো সুর-এ মন হারিয়ে একই স্বাদ পান। হারানো সুর রাষ্ট্রপতির ‘সার্টিফিকেট অব মেরিট’ পেয়েছে।সাত পাকে বাঁধা ছবিতে অভিনয়ের জন্য তিনি মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। সাড়ে চুয়াত্তর ছবিতে উত্তমকুমারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সে ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামে। এর পর থেকেই উত্তম-সুচিত্রা জুটি টালিউডের চলচ্চিত্র জগতের নিয়ামক শক্তিতে পরিণত হয়।সুুচিত্রা সেনের বয়স এখন ৮০। কিন্তু মানুষের মনে তিনি রয়ে গেছেন সেই সুচিত্রা, যিনি পর্দা কাঁপিয়ে জয় করে নিচ্ছেন দর্শক-মন।শুভ জন্মদিন, সুচিত্রা সেন!