
এফডিসি। সন্ধ্যা। জসীম ফ্লোরের সামনের নিরিবিলি রাস্তার পাশ ঘেঁষে অনেকগুলো গাড়ি, পার্ক করা। ফ্লোরের মূল ফটকের মুখে দাঁড়ানো একজন বললেন, ‘ভেতরে শুটিং চলছে। শুভর শুটিং।’
স্টুডিওর দরজা দিয়ে উঁকি দিতেই ভিরমি খেলাম! আরে! অভিজাত এলাকার কোনো বাড়িতে ঢুকে পড়লাম নাকি! দামি সোফা, ফার্নিচারে সাজানো পুরো ফ্লোর। গুলশান-বনানীর আদলে ছিমছাম ডুপ্লেক্স বাড়ি। ইউনিটের একজন পাশ থেকে বলেন, ভালো থেকো ছবির নায়িকার বাড়ির সেট এটি। কথা হলো ছবিটির প্রযোজকের সঙ্গে। তিনি বললেন, ‘ছবির গল্পের কারণেই এত আয়োজন। সব মিলে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়ে গেছে সেটে। ছবির এক লটের পুরো শুটিং হবে এখানে।’
নিচতলার পাশেই রুম থেকে এসে ‘শট নেওয়া হচ্ছে’ বলে সবাইকে চুপ থাকতে বললেন একজন সহকারী। নিচতলাজুড়ে তখন নীরবতা।
যে ঘরটিতে শুটিং চলছে, সেই ঘরে গিয়ে দেখি, ভেতরে বিয়ের আয়োজন। পরিচালক জাকির হোসেন রাজু মনিটরে বসে আছেন। ক্যামেরা তাক করা খাটের ওপর। বিয়ের সাজে নতুন নায়িকা তানিন সুবাহ। তাঁকে ঘিরে বিয়েবাড়ির অনেকগুলো মেয়ে। পাশেই দাঁড়ানো আরিফিন শুভ ও তানহা তাসনিয়া।
দৃশ্যধারণের প্রস্তুতি শেষ। পরিচালক বললেন, ‘যাই আমরা।’ একটু কড়া সুরেই তিনি বললেন, ‘এবার কিন্তু আর এনজি করা যাবে না।’
ক্যামরা চলছে। শুভ গিয়ে তানিন সুবাহর মাথার ঘোমটা সরিয়ে চমকে উঠলেন। শুভ বললেন, ‘খাইছে আমারে! এখন বুঝছি, ক্যামনে আমার ভাইরে পটাইছ। ইশ্! আগে জানলে তো আমি নিজেই তোমার জন্য...মানে...।’ পাশেই দাঁড়ানো তানিনের বোন তানহাও কম যান না। শুভর মুখের কথা মাটিতে পড়ার আগেই বলে বসলেন, ‘কোনো সমস্য নাই। এখনো সময় আছে। আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে পড়ানো হয়নি এখনো। আপনি রাজি থাকলে কন।’
‘কাট কাট...’ বলে চিত্কার দিয়েই পরিচালক বললেন, ‘গুড শট! ভালো হয়েছে শটটি।’
এরপর শুভ ও তানহার ক্লোজ শটের প্রস্তুতির তাগিদ দিলেন পরিচালক। এখনই ছবির গল্প ফাঁস করতে চাইলেন না তিনি।
ছবিতে আরও অভিনয় করছেন আমজাদ হোসেন, কাজী হায়াত, অরুণা বিশ্বাস, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।