শুভর অভিনয় অভিযান
দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। সন্ধ্যা নামার আগেই শুরু হয়েছে ঝুমবৃষ্টি। তাও স্বস্তি! বৃষ্টির কারণে এই শহরের উত্তাপ কমেছে। কারওয়ান বাজার অফিস থেকে উত্তরার পথে। অঝোর বৃষ্টি মাথায় নিয়ে উত্তরার ১৩ নম্বর রাস্তার বাড়িতে যখন পৌঁছাই, ঘুড়ির কাঁটা তখন পাক্কা সাড়ে সাতটার ঘরে। এই সাত কিলোমিটার রাস্তায় দুই ঘণ্টা হাওয়া! ‘নিশ্চয়ই জ্যামে আটকে ছিলেন।’—শুভই শুরু করলেন। ঢাকার চিরচেনা-জানা জ্যাম। তাঁর কথায় সায় দিই। বসতে বসতে তিনি বললেন, ‘কক্সবাজার থেকে ফিরলাম। বিশ্রামও নিতে পারলাম না। ঘণ্টা খানেক পরই আরেকটি শুটিংয়ের কিছু অংশ করার জন্য বের হতে হবে।’ কথা না বাড়িয়ে সোজাসুজি জিজ্ঞাসা করি, এখন কী নিয়ে ব্যস্ততা? চটজলদি উত্তরও দেন শুভ, ‘এখন স্রেফ ঈদের এক ঘণ্টার নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। এই মুহূর্তে করছি দাহগর, সশংকের শালুকলতা, সার্কাস, ব্রেসলেট, শেষ শুক্রবার, স্বপ্ন ও দস্যুপনা, হ্যালোজেন রহস্য, শব্দ নিঃশব্দ, হোস্টেজ, ত্রিভুজ, মায়া প্রভৃতি এক ঘণ্টার নাটক। এর ফাঁকে ফাঁকে ডিবি নামের একটা ধারাবাহিক নাটকে করছি। তবে ধারাবাহিক নাটক একদম না করে দিয়েছি।’ না, কেন? প্রশ্ন করি। শুনে একটু সময় নিলেন শুভ। তারপর বললেন, ‘প্রথম দিকে তিন-চারটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে ধারাবাহিক নাটকের কাজ শুরু হয়। ১৩ পর্ব পর্যন্ত কাজ ভালোভাবেই চলে। একটা পর্যায়ে এসে শিল্পীদের শিডিউলে সমস্যা দেখা দেয়। একজন পারছেন তো আরেকজনের শিডিউল নেই। একটা সময় ধারাবাহিক নাটকটির আর ধারাবাহিকতা থাকে না। গল্পের আগামাথা হারিয়ে ফেলে। এসব কারণে ধারাবাহিকের প্রতি আগ্রহ নেই। এখন এক ঘণ্টার নাটক বেশি বেশি করছি।’ কিন্তু এখন তো একাধিক চ্যানেলে কোনো উৎসব ছাড়াই সপ্তাহে চার-পাঁচটা করে এক ঘণ্টার নাটক প্রচার হচ্ছে। সেই ক্ষেত্রে এক ঘণ্টার নাটকের মানের দিকটা কতখানি উন্নত হয়েছে? প্রশ্ন নিয়ে তাঁর কাছে যাই। ‘আমার নিজের কথায় বলতে চাই, আমি গত পাঁচ বছরে মনে রাখার মতো হয়তো চার-পাঁচটা এক ঘণ্টার নাটকে কাজ করেছি। কিন্তু গত এক বছরে প্রায় ১৫টি মনে রাখার মতো নাটকে অভিনয় করেছি। সেই দিক থেকে আমি মনে করি, আমাদের এক ঘণ্টার নাটকের মান অনেক দূর এগিয়েছে।’ টানা বলে গেলেন অভিনেতা শুভ। কিন্তু ছোট পর্দায় এই অভিনেতা শুভর শুরুটা কখন হয়েছিল? প্রশ্ন রাখি তাঁর কাছে। কিছুটা উত্তেজনা নিয়েই উত্তর দিলেন, ‘প্রথম নাটকই আমার অভিনয়জীবনের ইতিহাস। ২০০৫ সালে শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় সুবর্ণা মুস্তাফার বিপরীতে প্রথম রংছুট নামের এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করি। নাটকটিতে আমার চরিত্রের নাম ছিল রাহুল। সেই সময় নাটকটি বেশ আলোচনায় এসেছিল।’ এরপর গৌর চন্দ্রিকার যুবরাজ চরিত্রটি তাঁকে আরও এক ধাপ এগিয়ে দেয়। এখন তিনি এ প্রজন্মের মেধাবী অভিনেতা। আজকের এই অভিনেতা শাহরিয়ার শুভ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন? কথার ফাঁকে এ প্রশ্ন করি। সোজাসাপটা জানিয়ে দেন, অভিনেতা হওয়ার স্বপ্নটা সেই ছোটবেলায়ই ঘাড়ে চেপে বসেছিল তাঁর: ‘আমি ডাক্তার হতে চেয়ে অভিনেতা হয়েছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমি অভিনেতাই হতে চেয়েছিলাম।’ ‘১৯৮৭-৮৮ সালের কথা। তখন আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এক বৈশাখে এক বিখ্যাত অভিনেতার কাছে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়েছিল। অটোগ্রাফ চেয়েছিলাম। কিন্তু পাইনি। তখনই শিশুমনে জেদ তৈরি হয়েছিল, একদিন অভিনেতা হব।’ শুভকে এখন সবাই ‘অভিনেতা শুভ’ হিসেবেই জানেন, চেনেন। স্বপ্নের রূপ দিতে ১৯৯৮ সালে থিয়েটার স্কুলে ভর্তি হলেন। এরপর ঢাকা থিয়েটার মঞ্চ, সেখান থেকে নিজেরাই গড়লেন আর্য থিয়েটার। পাঁচ বছর কাজ করলেন। শুভ কী বলেন? ‘অভিনেতা হওয়াই একমাত্র লক্ষ্য। তাই প্রথমে থিয়েটারকে বেছে নিয়েছিলাম। এবং সেই থিয়েটারই আমাকে আজকে এ জায়গায় নিয়ে এসেছে। অভিনয় শিখিয়েছে।’ নাটকপাড়ার নাটকসরণির রাস্তার ধারে নাট্যকর্মীদের তুমুল আড্ডায় কিংবা মিলনায়তন-মঞ্চে সংলাপে জেগে ওঠা শুভর মুখটি পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে না। তাহলে কি থিয়েটারকে গুডবাই জানিয়েছেন? প্রশ্ন ছুড়ে দিই। উত্তরটা দিলেন স্বাভাবিকভাবেই, ‘নিজেরা মিলে আর্য থিয়েটার গড়েছিলাম। কর্মীর অভাবে তা বন্ধ করতে হয়েছে। তবে আমি তো আর অভিনয় ছাড়িনি। লক্ষ্য ছিল অভিনয় করা। তা করে যাচ্ছি। সেটা মঞ্চ হোক আর টেলিভিশনই হোক। মঞ্চ ছিল আমার প্রথম ধাপ। তা পেরিয়ে এখন দ্বিতীয় ধাপে অভিনয় করে যাচ্ছি। সামনে তৃতীয় ধাপ। এটাই হবে শেষ ধাপ। এবং এটাই একজন অভিনেতার স্বপ্নের ধাপ, যার মাধ্যমে একজন অভিনেতা মৃত্যুর পরও বেঁচে থাকেন।’ শুভর শেষের কথাগুলো আগ্রহী করে তোলে। জানতে চাই, কী সেই স্বপ্নের ধাপ? ‘বড় পর্দা। চলচ্চিত্র।’ চলচ্চিত্রে কাজ শুরু করলে টেলিভিশনে আর কাজ করবেন না, তাও পাঠককে জানিয়ে রাখলেন শুভ।