শুভর কণ্ঠে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেফিন শুভ শুরুতে ছিলেন রেডিও জকি (আরজে), এরপর অভিনয়শিল্পী। বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন। এবার শুভ গান করলেন। অ্যালবাম নয়, শুভ গান করেছেন একটি ধারাবাহিক নাটকে। নাম আকাশের নীচে মানুষ। নাটকটি লিখেছেন আলভি আহমেদ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। চয়নিকা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যালাক্সি স্টুডিওতে গানটির ধারণকাজ হয়েছে। নাটকে গানটি শিরোনাম সংগীত হিসেবে ব্যবহার করা হবে। এটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজিব হোসেন। বৃহস্পতিবার সকালে শুভ বলেন, ‘আমার বাবা একজন তবলাশিল্পী। তবলার সঙ্গে আমার পরিচয় আছে। তবে কখনো গান করা হয়নি। তবে গানটা কেমন হবে, তা এখনই বলতে পারছি না। হয়তো কিছু একটা হবে। যদি কারও ভালো লাগে, তবেই বুঝব, এটা কিছু হয়েছে।’শুভকে দিয়ে গান করানোর ব্যাপারে চয়নিকা বলেন, ‘সম্প্রতি আমরা নেপালে গিয়েছিলাম। ওখানে ওর গান শুনেছিলাম। আমরা চর্চা করে যেমন কণ্ঠ তৈরি করি, ও কিন্তু তা না করেই বেশ ভালো গান করে। তা ছাড়া আকাশের নীচে মানুষ ধারাবাহিকে ওর অভিনয় করার কথা ছিল। কিন্তু নানা কারণে পারেনি। শেষ পর্যন্ত শুভকে দিয়ে এই নাটকের গান করানোর সিদ্ধান্ত নিয়েছি।’