শুভর কিস্তিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ। ছবি: সুমন ইউসুফ
আরিফিন শুভ। ছবি: সুমন ইউসুফ

পরিচিত একটি গজলের সুর গুনগুন করছেন আরিফিন শুভ। বেশ খোশমেজাজে আছেন। থাকতেই হবে, আবারও একটি ব্যবসাসফল ছবি উপহার দিলেন তিনি। কিস্তিমাত, শুভর নতুন ছবি। মুক্তি পেয়েছে ঈদের দিন। আর তা এখনো চলছে প্রেক্ষাগৃহে। দর্শক দেখছেন, শুভর অভিনয়ের প্রশংসা করছেন।
ঈদের এই পুরো সময়টায় পাওয়া যায়নি শুভকে। ১ অক্টোবর তিনি চলে যান কলকাতায়, চিকিৎসার জন্য। বছর দেড়েক আগে ব্যাংককে অগ্নি ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে ব্যথা পান। কিন্তু তখন কাজের চাপে কোনো বিশ্রাম কিংবা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেননি। হাসপাতালে মাত্র একদিন থেকেই ছুটে গেছেন শুটিং স্পটে। এরপর টানা ২৭ দিন শুটিং করেছেন।
কথা ছিল, দেশে ফিরে চিকিৎসকের কাছে যাবেন। যাওয়া হয়নি। ফিরেই শেষ করেছেন শাহাদাৎ হোসেনের মন বোঝে না ছবির কাজ।
তত দিনে হাতের সমস্যা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত যেতে হলো চিকিৎসকের কাছে। এক বছর আগে কলকাতায় এনজি মেডিকেয়ার হাসপাতালে শুভর ডান হাতে অস্ত্রোপচার করা হয়। ছয় মাস পর আবারও সেখানে যাওয়ার কথা ছিল। শুভ বললেন, ‘যাব-যাচ্ছি করে যাওয়া হয়নি। এবার ঈদের ছুটিতে চলে যাই কলকাতায়। ২৩ দিন ছিলাম। এই সময়টায় আমাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। এখন আমি পুরোপুরি ফিট।’
বৃহস্পতিবার দেশে ফিরেছেন শুভ। রোববার সকালে তিনি এলেন প্রথম আলো কার্যালয়ে।
আপনি গান শিখেছেন?
শুভর মুখে হাসি। কিছুক্ষণ চুপ। এরপর বললেন, ‘এ পর্যন্ত নাচটাই যা একটু শিখেছি। অনেক কিছু শিখছি দেখে দেখে। বাসা থেকে একভাবে শিখে এসেছি, এখন সেসব আবার নতুন করে শিখছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে হাঁটা শিখেছি। রেডিওতে এসে কথা শিখেছি। টিভিতে মডেলিং করেছি। টুকটাক নাটক করার বৃথা চেষ্টা করেছি। এখন ফিল্মে এক ঘুষিতে কীভাবে ১০ জনকে কুপোকাত করা যায়, তা শিখছি।’
কিস্তিমাত শুভর ষষ্ঠ ছবি। তাঁর প্রথম ছবি জাগো (২০০৯)। এরপর তিনি অভিনয় করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি (২০১৩), ভালোবাসা জিন্দাবাদ (২০১৩), অগ্নি (২০১৪), তারকাঁটা (২০১৪) ছবিতে। শুভর আরও দুটি ছবি দারুণ ব্যবসাসফল হয়েছে। এর মধ্যে অগ্নি ছবিতে তিনি ছিলেন নায়ক আর পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনিতে খলনায়ক।
প্রতিটি ছবি থেকেই শিখছেন শুভ। তবে আলাদা করে বললেন কিস্তিমাত ছবির কথা। বললেন, ‘এই ছবি থেকে এমন অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে আমার কাজে লাগবে।’
কিস্তিমাত ছবির পরিচালক আশিকুর রহমানের ব্যাপারে বললেন, ‘তিনি খুবই মেধাবী। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্রকে খুব ভালোবাসেন। প্রকৌশলী হয়েও তিনি এসেছেন চলচ্চিত্র নির্মাণ করতে। চলচ্চিত্রের আধুনিক প্রযুক্তির ব্যাপারে তাঁর যথেষ্ট জ্ঞান রয়েছে। আমাদের চলচ্চিত্রের জন্য আশিক আশীর্বাদ।’
কিস্তিমাত ছবিতে কাজ করার সময় কী এমন শিখেছেন শুভ? বললেন, ‘সবাই পর্দার সাফল্যকেই গুরুত্ব দেয়, কেউ তার পেছনের সংগ্রামের কথা জানতে চায় না। আর নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। ভালো শট হলে দর্শক খুশি হবেন। দর্শক খুশি হলে ব্যবসা হবে। ব্যবসা হলে প্রযোজক খুশি হবেন। এরপর অন্য প্রযোজকেরা আমার ব্যাপারে আগ্রহী হবেন।’
এ বছর শুভর আরও দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমটি ছুঁয়ে দিলে মন। পরিচালক শিহাব শাহীন। শুভর সঙ্গে আছেন মম। শুভ বললেন, ‘এই ছবিতে শিহাব শাহীনের গল্প বলার ধরনটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এমনটা অন্য ছবিগুলোয় তেমন দেখা যায় না। সঙ্গে আছে গান, চমৎকার সব লোকেশন। অভিনয়ের ব্যাপারে শিহাব শাহীন কোনো ছাড় দেননি। সবার কাছ থেকে সঠিক অভিনয়টা বের করে এনেছেন। আমি তো বলব, ছবির পুরো সময়টাই দর্শক উপভোগ করবেন।’
মাহির সঙ্গে শুভর অন্য ছবিটি হলো ওয়ার্নিং। পরিচালক সাফিউদ্দিন সাফি।
মোল্লাবাড়ির বউয়ের পর সালাহউদ্দিন লাভলু তাঁর নতুন ছবির জন্য আলোচনা করেন শুভর সঙ্গে। তা-ও প্রায় বছর তিন-চারেক আগের কথা। এত দিন পর লাভলু তাঁর নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবির নাম ওয়ারিশ।
শুভ বললেন, ‘চুক্তি হয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে ছবির শুটিং শুরু হবে।’
অনেকক্ষণ কথা হলো। প্রয়োজনীয় একটু কাজ আছে। শুভকে উঠতে হবে। বললেন, ‘এরপর মৃত্যুপুরিতে যাচ্ছি!’
মৃত্যুপুরিতে?
শুভ হাসলেন। বললেন, ‘আমার নতুন ছবির নাম মৃত্যুপুরি। শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে। পরিচালক জায়েদ রেজওয়ান। মাফিয়া চক্রকে নিয়ে ছবির কাহিনি। এই ছবিতে আমাকে দর্শক অন্যভাবে দেখতে পাবেন। সেভাবেই প্রস্তুত করছি নিজেকে।’