শুভর চোখের সামনে আর্নল্ড
>দেড় মাস। নায়ক থেকে ছাত্র হয়ে গিয়েছিলেন শুভ। ক্লাস, হোমওয়ার্ক আর প্রেজেন্টেশনের মধ্য দিয়ে কাটিয়েছেন সেই সময়। এই সময়ে কাছে পেয়েছেন আর্নল্ড শোয়ার্জেনেগারকেও! তবে সেটা ক্লাসে নয়। একটা অনুষ্ঠানে গিয়ে কাছ থেকে দেখেছেন হলিউডের এই টার্মিনেটরকে। মুগ্ধ হয়েছেন তাঁর প্রতিটি কথায়। আনন্দের এবারের প্রচ্ছদে আরিফিন শুভ সেই ভালো লাগা নিয়ে কথা বলেছেন। শুনিয়েছেন আবার ছাত্রজীবনে ফিরে যাওয়ার গল্প।

জুলাই মাসের শেষ দিকে যে শুভর সঙ্গে দেখা হয়েছিল, গত সপ্তাহের শুভ তার থেকে আলাদা। মাত্র দেড় মাসে আরিফিন শুভ বদলে গেছেন অনেক। আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক দৃঢ় আর প্রত্যয়ী। কারণ, গত দেড় মাসে যে ঘটে গেছে অনেক কিছু। অভিজ্ঞতার খাতায় যোগ হয়েছে এমন সব বিষয়, যা এখন অমূল্য তাঁর কাছে। দেখা হয়েছে জীবনের অন্যতম অনুপ্রেরণা আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে। সেই আর্নল্ড, যাঁর কাছ থেকে মাত্র ২৫৭ টাকা নিয়ে ঢাকা শহরে আসা শুভ শিখেছেন নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর মন্ত্র।
দেড় মাসের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। উদ্দেশ্য অভিনয়ের ওপর বিশেষ কর্মশালায় অংশ নেওয়া। দুই বছর ধরে পড়াশোনা আর খোঁজখবর করে লস অ্যাঞ্জেলেসের একটা অভিনয়ের স্কুল খুঁজে পেয়েছিলেন শুভ। নিজের কাজের পোর্টফোলিও জমা দেওয়ার পর তবেই সেখান থেকে ডাক আসে তাঁর। শুভও হাতের কাজ সেরে জুলাইয়ের শেষ ভাগে উড়াল দেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে গিয়ে ‘নায়ক’–এর খোলস ঝেড়ে ফেলে হয়ে যান পুরোদস্তুর ছাত্র। শেখেন অভিনয়ের ছোটখাটো দিক থেকে শুরু করে, সংলাপ বলার ঢং, অভিব্যক্তির নিয়ন্ত্রণসহ আরও অনেক কিছু।
ছাত্রজীবনে ফেরা
একটা নতুন শহর। সেখানে কোনো কাজ নেই। নেই আয়ের সুযোগ। সকাল শুরু হতো অ্যালার্মের তাড়ায়। কোনো রকমে নাশতা করেই ছুটতে হতো ক্লাসের জন্য। একটুও ঢিলেমির সুযোগ নেই। সুযোগ ছিল না আয়েশেরও। তবে এই ছাত্রজীবনে একটা রোমাঞ্চ ছিল। কেমন সেই রোমাঞ্চ? ‘স্কুলে থাকতে যেমন পকেটমানির পাই পাই হিসাব করতাম, এবারও তা–ই করতে হয়েছে। আমার থাকার জায়গা থেকে অ্যাক্টিং ক্লাসে যাওয়ার জন্য উবার নেব, নাকি উবার পুল; এ নিয়ে করতে হতো বিস্তর গবেষণা। উবার নিলে খরচ হতো অনেক, যেখানে উবার পুলে এক গাড়িতে কয়েকজনের সঙ্গে ভাড়া ভাগাভাগি করে যাওয়া যেত। আমার তো একটা লিমিটেড বাজেট নিয়ে চলতে হয়েছে। পদে পদে হিসাব করতে হয়েছে।’

শুধু টাকার হিসাব না, শুভকে সময়েরও হিসাব করতে হয়েছে মিনিট ধরে ধরে। শুভর সহপাঠীরা যেখানে নিজের কাজ, চাকরিবাকরি শেষ করে সপ্তাহান্তে আসতেন ক্লাসে; সেখানে শুভকে সপ্তাহান্তের ক্লাসের বাইরেও করতে হয়েছে প্রাইভেট ক্লাস। কারণ, স্বল্প বাজেটের মধ্যেই কর্মশালা শেষ করে দেশে ফেরার তাড়া ছিল তাঁর। তাই এক দিনের ক্লাস শেষ হতে না হতেই তাঁকে ব্যস্ত হয়ে পড়তে হতো হোমওয়ার্ক নিয়ে, পরদিনের ক্লাস নিয়ে। বড় বড় ইংরেজি পাণ্ডুলিপি দেওয়া হতো ‘বাড়ির কাজ’ হিসেবে। সেগুলো পড়ে আত্মস্থ করে পরদিন ক্লাসে গিয়ে তা সবার সামনে অভিনয় করে দেখাতে হতো। শুভর ভাষায়, সেখানকার প্রতিটা মুহূর্ত ছিল একেবারে টান টান উত্তেজনায় ভরা সিনেমার মতো। মাঝেমধ্যে পাণ্ডুলিপির কিছু ইংরেজি লাইন মাথায় ঢুকতই না, সে সময় ওই কঠিন লাইনের সহজ ব্যাখ্যা গুগল থেকে বের করে বিজয়ীর আনন্দ পেতেন তিনি। ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলের পুলসাইডে বসে ঠান্ডা কমলার জুস হাতে শুভ গত সপ্তাহে আমাদের এই গল্পগুলো শোনাচ্ছিলেন।
চোখের সামনে আর্নল্ড
‘অনেক বড় স্বপ্ন নিয়ে অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসেন আর্নল্ড শোয়ার্জেনেগার। দিনের বেলায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। সেই কাজ করে পাওয়া পারিশ্রমিক দিয়ে সন্ধ্যা থেকে ইংরেজি শেখার ক্লাস করতেন। জার্মানভাষী হওয়ায় ইংরেজি খুব একটা বলতে পারতেন না। মধ্যরাত পর্যন্ত করতেন অভিনয়ের ক্লাস। তা ছাড়া বডি বিল্ডিংয়ের জন্যও প্রচুর পরিশ্রম করতে হতো তাঁকে। এই আর্নল্ড শোয়ার্জেনেগার যখন অভিনয় করবেন বলে ঠিক করেন, তখন কেউ তাঁকে কাজ দিতে চায়নি। অনেক কথা শুনতে হয়েছে, অনেকবার প্রত্যাখ্যাত হতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর স্বপ্ন ছিল সব প্রত্যাখ্যানের ঊর্ধ্বে। তিনি লেগেই ছিলেন অভিনয়ে। আর এই লেগে থাকার কারণেই একসময় বিশ্ববিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন বলেছিলেন, “আর্নল্ড না থাকলে টার্মিনেটর কোনো দিনই হতো না। আমাদের নতুন একটা আর্নল্ড বানাতে হতো, যা অসম্ভব।” এরপর আর্নল্ড নায়ক হলেন, জনপ্রিয়তা পেলেন, রাজনীতিতেও সফল হলেন। অভিনেতা হিসেবে এটাই তো আমার জন্য বিশাল অনুপ্রেরণার ব্যাপার।’ জ্বলজ্বলে চোখ নিয়ে শুভ তাঁর অনুপ্রেরণার গল্প শোনান আমাদের।
লস অ্যাঞ্জেলেসে ক্লাস চলার এক ফাঁকে ৩১ জুলাই পরিচিত একজন শুভকে একটা অনুষ্ঠানে নিয়ে যান। সেটা ছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান ‘এইচএফপিএ ব্যাংকুয়েট’। ৩১ জুলাইয়ের ওই অনুষ্ঠানে গিয়ে শুভ দেখেন তাঁর চোখের সামনে তাঁরই অনুপ্রেরণা আর আদর্শ দাঁড়িয়ে আছেন। মাত্র কয়েক ফুট দূরের পোডিয়ামে দাঁড়িয়ে আর্নল্ড সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিণ্ডি চটকাচ্ছিলেন। বলছিলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প। শুভ মুগ্ধ হয়ে শুনেছেন সেসব কথা। আর সুবোধ ছাত্রের মতো সেখান থেকে নিয়েছেন জীবনের পাঠ।

ফিরে এসে...
দেড় মাসের ছাত্রজীবন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। দেশে ফিরেই আবার শুরু হয়ে গেল সিনেমাপাড়ায় শুভর চলাচল। আসতে না আসতেই মুক্তি প্রতীক্ষিত ছবি সাপলুডুর প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। গোলাম সোহরাব দোদুলের সেই ছবি নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই শুভর। নিজের উচ্ছ্বাস তো আছেই, সেই সঙ্গে অভিনয়জগতের সতীর্থদের শুভকামনা অভিনেতা শুভকে আরও বেশি প্রেরণা জোগাচ্ছে। জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের মতো তারকারা এই ছবি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শকদের। সেই সঙ্গে শুভরও দায়িত্বটা বেড়ে গেছে। তাই তো যুক্তরাষ্ট্র থেকে অভিনয়ের কর্মশালা শেষ করে ফিরতে না ফিরতেই সাপলুডু নিয়ে ছোটা শুরু করে দিয়েছিলেন।
আসছে নতুন খবর
সামনে আছে শুভর মিশন এক্সট্রিম, জ্যাম ছবি দুটো। আছে কিছু বিশেষ কাজও, যার ব্যাপারে এখনই কিছু বলতে মানা। শুভ এগোচ্ছেন, তবে ধীরে ধীরে। তাঁর সতীর্থদের যেখানে একই সময়ে একাধিক সিনেমার কাজ নিয়ে হাঁসফাঁস অবস্থা, সেখান শুভ মন্থরগতির। তাঁর কথা হলো, প্রতিটি ছবিতেই নিজেকে ভেঙেচুরে গড়েন তিনি। তা না হলে দর্শক সিনেমা হলে এসে একই স্বাদ পাবে বারবার, যা হবে তাঁদের সঙ্গে প্রতারণার সমান। তাই নিজেকে সময় নিয়ে প্রস্তুত করে এই অভিনেতা পর্দায় ফিরে আসেন বারবার। শুভ জানালেন, দিন বদলাচ্ছে, বদলে যাচ্ছে বিনোদন প্রচারের ধারা। বাড়ছে ‘নিউ মিডিয়া’র প্রভাব। তাই নিজেকে সেই মাধ্যমেও তুলে ধরার ইচ্ছা তাঁর। ফিসফিসিয়ে জানালেন, কথা চলছে। হয়তো শিগগিরই শোনা যাবে কোনো আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের নতুন প্রকল্পে জুড়ে গেছেন তিনি। তবে এখনো পাকাপোক্ত হয়নি কিছুই।
প্রত্যাখ্যানের চার লাইন
অভিনয়জীবনের শুরুর দিকে এই কথাগুলো শুনতে হতো শুভর। পরিচালক–প্রযোজকেরা সিনেমা থেকে বাদ দেওয়ার আগে শোনাতেন নানা কথা, যার মধ্যে নিচের এই চারটি লাইন বারবার শোনা লাগত তাঁকে।
১. হুমায়ুন ফরীদি ছাড়া কেউ টেলিভিশন থেকে সিনেমায় এসে সুবিধা করতে পারেনি। তুমিও পারবে না।
২. তোমার কণ্ঠস্বর বাংলা সিনেমার নায়কদের মতো নয়।
৩. তুমি বেশি লম্বা। তোমার নায়িকা পাওয়া যাবে না।
৪. তোমার থুতনিতে কাটা দাগ আছে। নায়কের চেহারায় কাটা দাগ থাকা যাবে না।