শুভর জন্য রুমীর ২ গান
গান লিখলেন এ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমী, তবে ছবিতে নয়; রুমী গান লিখেছেন অডিও অ্যালবামে। একসঙ্গে দুটি গান। এ প্রজন্মের আরেক সংগীতশিল্পী কাজী শুভর নতুন অ্যালবামের জন্য গান দুটি লিখেছেন আরফিন রুমী। ‘সাদামাটা ২’ অ্যালবামের গান দুটির শিরোনাম হচ্ছে: ‘চুপি চুপি’ আর ‘বোঝাব প্রেমের খেলা’।অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে তিনটি মৌলিক আর ছয়টি লোকধাঁচের গান। আরফিন রুমীর লেখা গান ছাড়াও ‘সাদামাটা ২’ অ্যালবামে রয়েছে জালাল খাঁ, বাউল আবদুস সালাম, হুমায়ন আর রাধারমণের গান। অ্যালবামটিতে একটি সংগৃহীত গানও রয়েছে।এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘রুমী সাধারণত গান লেখেন না। এর আগে একটি ছবির গান লিখেছিলেন। এবারই প্রথম কোনো অ্যালবামের জন্য গান লিখেছেন তিনি। তাও আবার দুটি। এটা আমার জন্য সৌভাগ্য বলা যায়। গানগুলো শুনে যে কারও অন্যরকম ভালো লাগবে।’২০০৯ সালে প্রকাশিত হয়েছিল কাজী শুভর প্রথম একক গানের অ্যালবাম ‘সাদামাটা’। তিন বছর বিরতির পর এবারের ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হবে কাজী শুভর দ্বিতীয় একক গানের অ্যালবাম ‘সাদামাটা ২’।‘সাদামাটা ২’ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে কাজী শুভ বলেন, ‘আমার প্রথম অ্যালবাম সাদামাটাতে আধুনিক ও মৌলিক গানের প্রাধান্য ছিল বেশি। পাশাপাশি ছিল ফোক গান। শেষ পর্যন্ত দেখলাম, সবাই আধুনিক গানের চেয়ে ফোক গানটাকেই বেশি গ্রহণ করেছেন। তাই শ্রোতাদের কথা চিন্তা করেই এবারের অ্যালবামে ফোক গান রেখেছি বেশি। নয়টি গানের মধ্যে ছয়টিই ফোক। আর বাকি তিনটি মৌলিক। এর মধ্যে একটি মৌলিক গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে পড়শী।’কাজী শুভ আরও বলেন, ‘তিন বছর আগে প্রকাশিত আমার প্রথম অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আরফিন রুমী। এটিও তাঁরই তত্ত্বাবধানে করা হয়েছে। আমি বলব, আগের অ্যালবামের চেয়ে এবারেরটিতে রুমী নিজেও অনেক যত্ন নিয়েছেন। দুই বছর ধরেই আমরা অ্যালবামটির কাজ করছি।’আরফিন রুমী প্রথম গান লিখেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের জন্য। ‘নুরে খোদা’ শিরোনামের এ গানটির দৃশ্যায়নে আরফিন রুমী, তাঁর স্ত্রী এবং সন্তান অংশ নেন।