শুভর সুসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

ক্যারিয়ারের সুবর্ণ সময়ই পার করছেন আরিফিন শুভ। অন্তত এমনটাই মনে করছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত এই নায়ক।

চলতি বছরের এপ্রিলে মুক্তি পাওয়া শুভ অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়। এর পরপরই একে একে শুভ অনেকগুলো ছবিতে চুক্তিবদ্ধ হন। সেগুলোর মধ্যে আছে সোহানুর রহমান সোহানের ‘জেদি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং আশিকুর রহমান ও অনন্য মামুনের নাম ঠিক না হওয়া দুটি ছবি। পাশাপাশি আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ একটা সময় পার করছেন বলেই মনে করছেন শুভ।
প্রথম আলোকে শুভ বলেন, ‘বছরের শুরুটা আমার জন্য অনেক সৌভাগ্য বয়ে এনেছে। এরই মধ্যে অনেকগুলো সাফল্যের দেখা পেয়েছি। দেশে এবং দেশের বাইরের ছবিপ্রেমী দর্শকেরা ‘‘ছুঁয়ে দিলে মন’’ ছবিটি দারুণভাবে গ্রহণ করেছেন। এ ছাড়া ‘‘তারকাঁটা’’ ছবির জন্য গত মে মাসে সেরা অভিনেতা হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছি। পাশাপাশি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারতো আছেই।’
সম্প্রতি অনন্য মামুন পরিচালিত নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এটি নির্মাণ করছে ড্রিমবক্স অ্যান্ড অ্যাকশন এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি নিয়ে তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তিশা কলকাতা থেকে দেশে ফিরছেন ৫ আগস্ট বুধবার। পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ছবিটি সম্পর্কে শুভ বলেন, ‘নতুন ছবির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। ছবি ও নায়িকার নাম এখনো চূড়ান্ত নয়। তবে শিগগিরই তা জানা যাবে। এই ছবিতে আমার চরিত্রটি গতানুগতিক নয়। নতুন এক শুভর দেখা পাবেন দর্শকেরা। এ ধরনের চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি। এটা আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আমি অনেক বেশি খুশি এই ছবিটি নিয়ে।’
তিশার বিষয়টি এড়িয়ে গিয়ে ছবির গল্প নিয়ে নির্মাতা অনন্য মামুন বললেন, ‌‘এটি পুরোপুরি রোমান্টিক গল্পনির্ভর ছবি। দর্শকেরা ছবি দেখার পর অন্যরকম একটা চমক পাবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিলেটে ছবিটির শুটিং শুরু হবে। ছবির পুরো কাজ দেশেই হবে।