শুভর 'অনেক স্বপ্ন'

ডি রকস্টার চ্যাম্পিয়ন ও সাউথ এশিয়ান সুপারস্টার খেতাবজয়ী কণ্ঠশিল্পী শুভর তৃতীয় অ্যালবাম ‘অনেক স্বপ্ন’ প্রকাশ হচ্ছে আজ শনিবার। দ্বিতীয় অ্যালবাম প্রকাশের তিন বছর পর এই অ্যালবাম প্রকাশিত হচ্ছে।
জানা গেছে, তিন বছর ধরেই অ্যালবামটির কাজ করেছেন শুভ। তিনি বলেন, ‘আমার দ্বিতীয় অ্যালবামের কাজ করেছিলাম মেলো অলটারনেটিভ রক ঘরানাতে। এবারের অ্যালবামটি নিয়ে অনেক স্বপ্ন দেখছি। তাই অ্যালবামের নাম দিয়েছি ‘‘অনেক স্বপ্ন’’।’
‘অনেক স্বপ্ন’ অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। আর গানের কথা লিখেছেন জিয়া, জাহিদ বাবুল ও জীবন। আরও রয়েছে কানাইলাল শীল, জালাল খাঁ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
‘অনেক স্বপ্ন’ অ্যালবামে মূলত গান রয়েছে দশটি।
গানের শিরোনামগুলো হল, ‘তোমার স্বপ্ন আছে বলেই’, ‘এই শহরের গল্প’, ‘আগে জানলে’, ‘তুমি কই?’, ‘আসবে ফিরে’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘যা বৃষ্টি’, ‘হবে না’, ‘ক্যান বা তারে’, ‘স্বাধীন-২’। বোনাস হিসেবে রয়েছে ‘ক্যান বা তারে’ গানটির রিপ্রাইস ভার্সন ও টুম্পার সঙ্গে ‘সহে না যাতনা’ গানটি।
অ্যালবামে দুটি লোকগান রয়েছে। একটি কানাইলাল শীলের ‘ক্যান বা তারে’, আর অন্যটি জালাল খাঁর গান ‘আগে জানলে’।
শুভ বলেছেন, ‘আমি আমাদের লোকসংগীত নিয়ে কাজ করতে চাই। দেশের গানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিতে চাই।’
‘অনেক স্বপ্ন’ অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এর প্রকাশনা সংস্থা জি সিরিজ। অ্যালবামের তিনটি গান ইতিমধ্যেই অনলাইন ও রেডিওতে প্রকাশিত হয়েছে।