শুভর 'সাপলুডু'

কলকাতার আহা রে ছিল আরিফিন শুভর সর্বশেষ অভিনীত ছবি। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবির খবর তা-ও মাস তিনেক আগের। এর মধ্যে কোনো ছবি হাতে নেননি শুভ। এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। নাম সাপলুডু। ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হলেন গতকাল রোববার বিকেলে। বিষয়টি নিশ্চিত করে ঢালিউডের এই অভিনেতা বলেন, ‘আজ (গতকাল রোববার) সন্ধ্যার আগে আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি।’ ঢাকার এই ছবিটি পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও তাঁর।
আরিফিন শুভ জানান, ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। গল্প দারুণ পছন্দ হয়েছে তাঁর। ঢাকা অ্যাটাক-খ্যাত এই নায়ক বলেন, ‘অ্যাকশন থ্রিলার গল্পের জন্য অপেক্ষা করছিলাম। চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পই আমার প্রথম পছন্দ। তা ছাড়া এ ধরনের ছবি, বিশেষ করে ঢাকা অ্যাটাক কিংবা মুসাফির ছবিতে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছি আমি। তাই দর্শকের কথা মাথায় রেখেই এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’ সাপলুডু প্রসঙ্গে শুভ বলেন, ‘গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি হবে এটি।’
মাঝে কিছুদিন নতুন ছবি হাতে নেননি শুভ। এ জন্য অনেক দিক ধরে অনেক গুঞ্জনও শুরু হয়েছিল। এ নিয়ে শুভ বলেন, ‘এর মধ্যে অনেক ছবির প্রস্তাবই ছিল। কিন্তু করতে রাজি হইনি। ব্যবসায়ী নই, আমি একজন অভিনয়শিল্পী। দর্শকেরা ঠকবেন, সে ধরনের ছবিতে আর কাজ করতে চাই না। এ কারণেই অপেক্ষা করছিলাম।’
শুভ জানান, আগামী অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপটে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে। ছবিটির কোনো বিষয়েই আপাতত মুখ খুলতে চাননি পরিচালক দোদুল। তিনি শুধু বললেন, ‘১৫ সেপ্টেম্বরের পর ছবিটির বিস্তারিত জানাব।’ আরিফিন শুভর মুখ থেকে শোনা গেল, সাপলুডুতে তাঁর নায়িকা হবেন বিদ্যা সিনহা মিম।