শুভাশিস সিনহা ৫ প্রশ্ন
এবার নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক পেলেন তরুণ সৃজনশীল নাট্যকর্মী শুভাশিস সিনহা। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রথমে পদক পাওয়ার অনুভূতি জানতে চাই?যেকোনো প্রাপ্তিই আনন্দের। আমি এই পদক পেয়ে ভীষণ খুশি। তবে এই পদক আমার একার নয়, আমার দলের, আমার জাতিসত্তার। আমি অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে থিয়েটার করি। সেই থিয়েটার করতে সব সময়ই আমার মণিপুরী জাতির সহযোগিতা পেয়েছি। বর্তমান সময়ে তরুণ নাট্যকার, নির্দেশকদের মধ্যে আপনি সর্বকনিষ্ঠ। আপনার কাজও ঢাকার মঞ্চে আলোচনায় এসেছে। বিষয়টি কীভাবে দেখছেন?এটা দর্শকের ভালোবাসা, দলের কর্মীদের ভালোবাসা। আর জাতীয় পর্যায়ের নাট্যজনেরা সব সময় সহযোগিতা করেছেন বলে আমি কাজ করে যেতে পারছি। আমি মনে করি, ১৫ বছরের থিয়েটার-জীবনে প্রায় ২৭টি প্রযোজনা আমার দল থেকে এসেছে। এর মধ্যে সম্প্রতি মঞ্চে আসা কহে বীরাঙ্গনা নাটকটিই আমাকে আলোচনায় এনেছে। এই নাটকের মাধ্যমে দর্শকের কাছ থেকে খুবই সাড়া পেয়েছি। এই নাটকটি গ্রাম থেকে শুরু করে শহরের মানুষের কাছে আমাকে চিনিয়েছে। এ ছাড়া নাটকটির অভিনেত্রী জ্যোতি সিনহারও অবদান অনেক। তাঁর দক্ষ অভিনয়ের কারণে নাটকটি একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি শেষ হলো থিয়েটারওয়ালার আয়োজনে তিন তরুণ নাট্যনির্দেশক নিয়ে নাট্যোৎসব। এঁদের একজন আপনি। কেমন লেগেছে?ঢাকার মঞ্চে অনেক প্রতিভাবান তরুণ নাট্যনির্দেশক আছেন। তাঁদের কাজ আমি দেখেছি। খুবই ভালো কাজ করেন। কিন্তু তিনজনের তালিকায় আমার নাম থাকবে আমি ভাবতেই পারিনি। আমার কাজ ঢাকার মঞ্চে কতটুকু জায়গা নিতে পেরেছে, তা দর্শকেরাই ভালো বলতে পারবেন। তবে থিয়েটারওয়ালার এই উৎসবে আমার নাটক স্থান পাওয়ায় আমি বেশ শঙ্কিত। কেননা এখন আমাকে আরও বেশি ভালো কাজ দর্শককে দিতে হবে। আমার কাছে সবার চাওয়া এখন আরও বেড়েছে। আমি আমার নিষ্ঠা দিয়ে কাজ করে যেতে চাই। থিয়েটারকে ভালোবেসেই কাজ করছি, করে যাব। আমার সঙ্গে দলের ২০-২৫ জন কর্মী একই মন নিয়ে কাজ করছেন। তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। থিয়েটার থেকে কী পাবেন, কী পাবেন না, তা নিয়ে তাঁদের ভাবনা নেই। শান্তিনিকেতন থেকে নাট্যকার কর্মশালা শেষ করে এলেন। কেমন হলো কাজ?ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় শান্তিনিকেতনে ১০ দিনের নাট্যকার কর্মশালার আয়োজন করে। আমরা বাংলাদেশ থেকে ১০ জন এই কর্মশালায় অংশ নিই। বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে কর্মশালা। তা থেকে পাণ্ডুলিপি তৈরি। এই কর্মশালায় অংশ নিয়ে আমার থিয়েটার-জীবনে নতুন মাত্রা যোগ হয়েছে। ওখানে গিয়ে ভারতের বাংলা ভাষার বড় বড় নাট্যকারের সান্নিধ্য পাওয়ায় ধন্য হয়েছি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ভারত থেকে ছিলেন মনোজ মিত্র, বিভাষ চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, দেবাশিস মজুমদার, চন্দন সেন এবং বাংলাদেশ থেকে ছিলেন সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার ও মামুনুর রশীদ। আপনাদের থিয়েটারচর্চা মূলত সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে। একেবারে গ্রাম থেকে থিয়েটার চর্চা করে কীভাবে এত দূর আসা সম্ভব হলো?সত্যি কথা বলতে কী, কীভাবে আমরা আসতে পারলাম তা নিজেও বলতে পারব না। আমরা নিষ্ঠা নিয়ে কাজ করি। দলের প্রত্যেকটি কর্মী থিয়েটারে নিবেদিতপ্রাণ। তা ছাড়া ঢাকার নাট্যকর্মীও আমাদের রাজধানী পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেছেন। তবে আমরা কাজের ক্ষেত্রে সব সময়ই মানটা ভালো করার চেষ্টা করি। ফলে প্রযোজনার মানও আমাদের এগিয়ে আসতে সাহায্য করেছে। আমরা গ্রামে বসেও থিয়েটারচর্চাকে এগিয়ে নিতে ঘোড়ামারা গ্রামে একটা স্টুডিও থিয়েটারও করেছি। নাম নটমন্দপ। নিয়মিতই সেখানে নাটক করছি।