শুভেচ্ছা দূত পড়শী
একটি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হলেন ‘খুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী পড়শী। বাংলাদেশের বাজারে খুব শিগগির যাত্রা করতে যাচ্ছে ওই মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান।পড়শী জানান, এরই মধ্যে তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর ওই মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড, কনসার্টসহ বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি। এর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন। আগামী মাসের শুরু থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে। শুভেচ্ছা দূত হওয়া প্রসঙ্গে পড়শী বলেন, ‘প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হতে পেরে বেশ আনন্দ লাগছে। আমি চেষ্টা করব কাজের মাধ্যমে পণ্যটি সবার কাছে তুলে ধরতে।’প্রসঙ্গত, খুদে গানরাজ প্রতিযোগিতার পর প্রকাশিত হয় পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’। এ বছরের শুরুর দিকে প্রকাশিত হয়েছে পড়শীর দ্বিতীয় একক ‘পড়শী-২’।