শুভেচ্ছাদূত শাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল রেকর্ড লেভেল মাশরুম এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন শাফিন আহমেদ। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। অনুষ্ঠানে শাফিন আহমেদ ওই প্রতিষ্ঠানের কাছে ২২টি গানও হস্তান্তর করেন।

শাফিন আহমেদ বলেন, ‘মাশরুম এন্টারটেইনমেন্ট আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হবে শিল্পীদের জন্য গান বিক্রির নতুন একটা পথ। গান বিক্রির জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন আমাদের ডিজিটাল প্রযুক্তি বেছে নিতে হবে। আমি মনে করি, মাশরুম এন্টারটেইনমেন্ট হবে সংগীতশিল্পীদের গান বিক্রির নতুন এক প্ল্যাটফর্ম।’

মাশরুম এন্টারটেইনমেন্টের নির্বাহী সভাপতি (ইনকরপোরেট) আরমিন মুসা বলেন, ‘বাংলা গান এখন বেআইনিভাবে পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। ফলে হাজার হাজার ডলার রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের সংগীতশিল্পীরা। মাশরুম এন্টারটেইনমেন্ট দেশীয় শিল্পীদের জন্য বাংলা সংগীতের বিশ্বব্যাপী রয়্যালটি দেওয়া ও গানের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে।’

মাশরুম এন্টারটেইনমেন্ট আন্তর্জাতিক সংগীত সম্প্রচার সেবাদাতা প্রতিষ্ঠান আই টিউনস, আমাজনস, রেডিও স্পটিফাই ও ইউটিউবে দেশীয় শিল্পীদের গান সরবরাহ করবে। আর বিনিময়ে শিল্পীরা পাবেন তাঁদের প্রাপ্য সম্মানী।