শুভেচ্ছাদূত শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

কয়েক দিন আগে নিজে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সে যাত্রায় শারীরিকভাবে বেঁচে গেছেন। এবার তিনি দাঁড়িয়েছেন সড়ক দুর্ঘটনায় আহত লোকজনের পাশে। আহত লোকদের কীভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে ক্রিটিকা লিংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারই শুভেচ্ছাদূত হলেন অভিনেতা আরিফিন শুভ। এখন থেকে এই প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবেন তিনি। শুভ বলেন, ‘আমি অভিনেতা হলেও সমাজের মানুষের প্রতি আমার কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। তাই আমি চাই মানুষের পাশে থাকতে। এ কারণেই ক্রিটিকা লিংকের সঙ্গে যুক্ত হয়েছি।’
স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিকা লিংক এক বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা শহরের সাতটি থানায় প্রাথমিকভাবে কাজ করছে সংগঠনটি। এ ছাড়া এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্রিটিকা লিংকের প্রোগ্রাম পরিচালক রাহাত হোসেন বলেন, ‘শুভ তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় একটি নাম। প্রশিক্ষণের সময় তরুণ স্বেচ্ছাসেবীরা শুভকে কাছে পেয়ে খুব খুশি হয়েছেন।’