শুভেচ্ছাদূত হওয়ার পর যা বললেন অনন্ত ও বর্ষা

কোমল পানীয়র শুভেচ্ছাদূত হলেন অভিনেতা অনন্ত ও অভিনেত্রী বর্ষা। গতকাল রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে তাঁরা দুজন এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছরের জন্য তাঁরা কোমল পানীয় ‘ম্যাক্স কোলা’র শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে দুটি বিজ্ঞাপনের পাশাপাশি নানা ধরনের প্রচারণায় অংশ নেবেন।
এ সময় অনন্ত বলেন, ‘আমি কয়েক বছর আগে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হয়েছিলাম। সেখানে বলা একটি সংলাপ ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এবারও তা–ই হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই পণ্যটিও দেশের সেরা পানীয় হিসেবে নাম কুড়াবে।’

অনন্ত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা তারকা হয়েছি সাংবাদিক এবং ভক্তদের সহযোগিতায়। এবারও তাদের সহযোগিতা নিয়েই এগিয়ে যাব।’
বক্তব্য দিতে এসে বর্ষা বলেন, ‘আমরা আলাদা আলাদাভাবে বিজ্ঞাপনের মডেল হয়েছি। কিন্তু একসঙ্গে এবারই প্রথম। আশা করছি দারুণ কিছু হবে।’
অনন্ত ও বর্ষা ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। এরপর তাঁদের যৌথ অভিনীত ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’ মুক্তি পায়।