শুভেচ্ছাদূত হলেন তিন বোন
তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পা এবার যুক্ত হলেন স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির কার্যক্রমে। স্তন ক্যানসার নিয়ে সামাজিক সচেতনতা তৈরির জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালের শুভেচ্ছাদূত হয়েছেন তাঁরা। গতকাল শনিবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের কার্যালয়ে স্তন ক্যানসার-বিষয়ক এক অনুষ্ঠানে তাঁরা অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, স্তন ক্যানসার নারী নিজেই প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখতে পারেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে সকালে সুচন্দা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি সব সময় আমরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছি। এখন এ ধরনের কাজে একটু বেশি সময় দিতে পারছি। স্তন ক্যানসারের বিষয়ে অ্যাপোলো হাসপাতালের সচেতনতা তৈরির ভাবনাটি আমাদের ভালো লেগেছে। আমাদের মাধ্যমে যদি সমাজের নারীরা এ ব্যাপারে সচেতন হন, তাতেই আমাদের কাজের সার্থকতা।’ববিতা বলেন, ‘সুচন্দা আপার সঙ্গেই প্রথম হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়। বিষয়টি জানার পর আমারও ভালো লেগেছে। বাংলাদেশের নারীরা যাতে স্তন ক্যানসার থেকে রক্ষা পান, এ ব্যাপারে আমরা কাজ করব।’অ্যাপোলো হাসপাতালের মহাব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) চিকিৎসক শাগুফা আনোয়ার বলেন, ‘আমাদের দেশের শিক্ষিত নারীরাও স্তন ক্যানসারের ব্যাপারে সচেতন নন। তাই আমরা অ্যাপোলো হাসপাতালের পাশাপাশি দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম হাতে নিয়েছি। এসব কার্যক্রমে আমরা সুচন্দা, ববিতা ও চম্পাকে পাশে পেয়েছি। আশা করছি, এই ক্যানসার প্রতিরোধে তাঁদের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন করতে পারব।’