শুভেচ্ছাদূত হলেন ববিতা
মার্কিন যুক্তরাষ্ট্রের সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআইআই) শুভেচ্ছাদূত হয়েছেন ববিতা। মঙ্গলবার সন্ধ্যায় ববিতা তাঁর বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই খবর জানান। এ সময় তাঁর সঙ্গে আরও ছিলেন ছেলে অনীক। ববিতা বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে আমার কাছে এই শুভেচ্ছাদূত হওয়ার আমন্ত্রণ আসে। আমার কাজের মধ্য দিয়ে যদি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সামান্য উপকার হয়, তবে সেটা হবে অনেক আনন্দের। তাই আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি।’ আগামী ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট রাজ্যের ইয়েল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত হিসেবে ববিতার নাম ঘোষণা করবে ডিসিআইআই। এই অনুষ্ঠানে ববিতা একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। শুভেচ্ছাদূত হিসেবে তাঁর কাজ কী হবে? ববিতা বললেন, ‘আমাকে যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে হবে। সেখানকার বাচ্চাদের সঙ্গে কথা বলব। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কথা জানাব। তাদের জীবনযাত্রার সঙ্গে বাংলাদেশের শিশুদের জীবনযাত্রার পার্থক্য তুলে ধরব। তৃতীয় বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে উন্নত দেশের স্কুলের বাচ্চারা তাদের টিফিনের পয়সা পর্যন্ত দান করে। তার পরিমাণও হয় অনেক। সেই তহবিল নিয়ে বাংলাদেশের শিশুদের উন্নয়নের জন্য কাজ করা হবে।’ ববিতা আরও বলেন, ‘১৯৮৯ সালে রোমান হলিডের নায়িকা অড্রে হেপবার্ন ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এসেছিলেন। ওই সময় তাঁর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাঁর কাছ থেকে জানতে পেরেছিলাম, তিনি অভিনয় করে যত আনন্দ পান, তার চেয়ে অনেক বেশি আনন্দিত হন মানব সেবা করে। আমার মনেও এ ধরনের ইচ্ছা ছিল। এবার সেই সুযোগ এসেছে।’