শুভেচ্ছাবার্তা পড়তে পড়তে ভোর

বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কবরীর আজ জন্মদিন। জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভাসছেন তিনি। গতকাল রাত ১২টায় ছোট ছেলে শান্ত তাঁকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলেন জানান কবরী।
বেশ কিছুদিন ধরেই সিনেমার শুটিং থেকে দূরে আছেন কবরী। তবে এই সময়ে মাঝেমধ্যে চলচ্চিত্রবিষয়ক নানা সভা-সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকেন। ভেবেছিলেন, কাজ-কর্ম যেহেতু এখন করেন না, তাই জন্মদিন একটু আয়েশে কাটাবেন। কিন্তু তা আর হলো কই। কবরী বলেন, ‘ভেবেছিলাম, রাতে আরাম করে ঘুমাব। কিন্তু মোবাইলের মেসেজের শব্দে ঘুমাতে একটুও পারিনি। সবার মেসেজ পড়েছি। পড়তে পড়তে কখন যে ভোর হয়ে গেছে টেরই পাইনি। এদিকে আজ সকাল থেকে অনেকে ফোন করেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব-কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরীতে। তাঁর আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর৷
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির নায়িকা হিসেবে কবরীর অভিনয় জীবনের শুরু৷ এরপর তিনি অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়, ‘আগন্তুক’সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’সহ বহু ছবিতে।