শুভেচ্ছায় ভাসলেন মামুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ l প্রথম আলো
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ l প্রথম আলো

দুহাতে ধরে থাকা ফুলের তোড়াটি মৃদু কাঁপছিল। এই কম্পন বয়সের ভারে ন্যুব্জ কোনো বৃদ্ধের শারীরিক দুর্বলতার নয়। শুভেচ্ছার ফুল হাতে কৃতী এক নাট্যকারের আবেগের কম্পন। ভালোবাসা, শ্রদ্ধা আর শংসার বিনিময়ে বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর দায়ভার। মঞ্চের জন্য দুর্দান্ত একগুচ্ছ নাটক লিখেছেন তিনি। গণ-আন্দোলন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক দেশ ও সমাজের জন্য নাট্য আন্দোলনে সামনে ছিলেন এই নাট্যকার। গতকাল সোমবার ছিল এই নাট্যকারের ৬৮তম জন্মবার্ষিকী।
গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হয়েছিল জাতীয়ভাবে এই নাট্যকারকে শুভেচ্ছা জানানোর আয়োজন। এসেছিলেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ও অনুরাগীরা। ছিলেন টিভি, মঞ্চের নাটকের সারথি, নাচ ও গান ও অভিনয়, আবৃত্তিশিল্পী ও সংগঠক। রাত নয়টার দিকে ফরিদা পারভীন যখন ‘বহুদিন ধরে ভাঙিয়াছি ঘর’ গাইছেন, তখন মিলনায়তনে প্রবেশ করেন মামুনুর রশীদের বন্ধু কবি নির্মলেন্দু গ‌ুণ। মামুন তাঁকে মঞ্চে ডেকে নিলে কবি হাতের ফুলের তোড়াটি তুলে দেন মামুনের স্ত্রী গওহর আরা মামুনের হাতে। আর বুকে টেনে নেন বন্ধুকে।

নাট্যযোদ্ধার জন্মদিনে শুভেচ্ছা জানান রামেন্দু মজুমদার, লিয়াকত আলী, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, ফকির আলমগীর, আলী যাকের প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গারো শিল্পীদের একটি দল তাদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন মামুনুর রশীদ। সঞ্জীব দ্রং বললেন, ‘গারোদের গায়ে যতকাল মাদল বাজবে, সাঁওতালরা যতকাল রাসপূর্ণিমার উত্সব করবে, ততকাল মামুন ভাইকে মনে রাখবে তারা।’

অনুষ্ঠানে আরণ্যক নাট্যদল তাদের রাঢ়াঙ নাটক থেকে বেশ কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। গান গেয়ে শোনান ফরিদা পারভীন।

মামুনুর রশীদ জয়ন্তী উদ্‌যাপন পরিষদের সভাপতি কামাল লোহানী বলেন, ‘যে ধর্মনিরপেক্ষতার জন্য আমরা যুদ্ধ করেছি, সেটাই আজ হারাতে বসেছি। সেটা পুনরুদ্ধারে আপনাকে আরও নাটক লিখতে হবে। নাট্য আন্দোলনকে আরও জোরদার করার মাধ্যমে মৌলবাদকে প্রতিহত করতে হবে। আপনার নাটক দিয়েই সেটা সম্ভব।’

শুভেচ্ছাসিক্ত মামুন বলেন, ‘প্রতিদ্বন্দ্বীহীন মানুষ নিঃসঙ্গ। আমাকে নিঃসঙ্গ করে দিয়ে আবদুল্লাহ আল-মামুন, সেলিম আল দীন, এস এম সোলায়মানরা চলে গেছেন। আর আজ এই শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে আমার জীবনের ভার আরও বেড়ে গেল। আশীর্বাদ করবেন বাকি জীবন যেন বিভ্রান্ত না হয়ে কাজ করে যেতে পারি। অসাম্প্রদায়িক চেতনাকে, দেশ ও মুক্তিযুদ্ধকে পাহারা দিয়ে যেতে পারি।’