শুভ্র দেবের ২৫তম অ্যালবাম
গানে গানে ২৫ বছর পার করেছেন শিল্পী শুভ্র দেব। অনেকটা কাকতালীয়ভাবে ২৫ বছরের এই স্মরণীয় মুহূর্তে বের হচ্ছে তাঁর ২৫তম একক অ্যালবাম দিও না পরাণে যাতনা। অ্যালবামের আটটি গানেরই কথা লিখেছেন ও সুর করেছেন আরমান খান। এই অ্যালবামের মাধ্যমেই দীর্ঘ সাড়ে চার বছর পর তিনি আবার অডিও অ্যালবামে কাজ করলেন। অ্যালবাম সম্পর্কে শিল্পী শুভ্র দেব বলেন, ‘এর আগে আমি শুধু একজনের কথায় ও সুরে পুরো একটি অ্যালবাম করিনি। এবারই প্রথম আরমানের কথায় ও সুরে এমন একটি কাজ করলাম। ষাট ও সত্তরের দশকের আধুনিক গানের ধাঁচে আরমান অ্যালবামের গানগুলো করেছেন। তাঁর কাজ আমার খুব ভালো লেগেছে।’ শুভ্র দেবের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত আরমান খান। বললেন, “হাসানের গাওয়া ‘মেঘ দে পানি দে’ ছিল আমার করা শেষ কাজ। দীর্ঘদিন পর শুভ্র দেবের এই অ্যালবামটি করেছি। তিনি খুব যত্ন নিয়ে, আবেগ দিয়ে প্রতিটি গান গেয়েছেন। অ্যালবামের গানগুলোর কথায় ও সুরের মাধ্যমে আমি ষাট ও সত্তরের দশকের গানগুলোকে স্মরণ করার চেষ্টা করেছি। অ্যালবামে যন্ত্রানুষঙ্গে আধুনিকতা এবং সফটওয়্যারনির্ভর হলেও কণ্ঠে ভোকডর, অটো টিউনারের অপব্যবহার করিনি।’ ২৮ এপ্রিল হোটেল শেরাটনের মার্বেল কক্ষে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে।