শুভ্র দেবের ‘দিওনা পরানে যাতনা’
‘গানের নামে আজকাল চারপাশে যে উদ্দাম চর্চা চলছে, তাতে আক্ষরিক অর্থেই মাঝে মাঝে কানে তুলো দিতে হয়। এই অপচর্চার ভিড়ে শুভ্র দেবের গান স্নিগ্ধ এক অনুভূতি।’ বললেন মুস্তাফা মনোয়ার। বুধবার বিকেলে হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে শুভ্র দেবের ২৫তম একক অ্যালবামের মোড়ক খুললেন তিনি।দিওনা পরানে যাতনা অ্যালবাম দিয়ে সাড়ে চার বছর পর শ্রোতাদের মাঝে ফিরলেন শুভ্র দেব। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘ভালো গানের প্রধান শর্ত হচ্ছে তাতে বাণী ও সুর থাকতে হবে। শুভ্রর এ অ্যালবামের গানগুলোতে আমি সেই বাণী আর সুরের সাক্ষাত্ পেয়েছি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরকার আলম খান, রোকনউদ্দিন মাহমুদ, তানিয়া আমীর ও এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। অ্যালবামের আটটি গানেরই কথা লিখেছেন ও সুর করেছেন আরমান খান। ষাট ও সত্তরের দশকের আধুনিক গানের ধাঁচে গানগুলো তৈরি করেছেন তিনি।