শুভ্র শরতের স্নিগ্ধ উৎসব
ইট-কাঠের এই রাজধানী শহরে নেই শুভ্র কাশবন। দরদালানে আকাশ ঢাকা। তাই নীল আকাশজুড়ে তুলার মতো পেঁজা পেঁজা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্যও চোখে পড়ে না সহজে। কিন্তু কোথাও না কোথাও আছে ওসব। শরতের শুভ্রতা নিয়ে ফুটছে শিশিরভেজা শিউলি। এদের স্মরণ করেই নগরজীবনে শরতের স্নিগ্ধতা উপলব্ধি করতে গানে গানে, নৃত্যের ছন্দে, আবৃত্তিতে আয়োজিত হলো শরৎ উৎসব।গতকাল শুক্রবার ছুটির দিনটি টিএসসি-শাহবাগ এলাকা মুখরিত ছিল শরৎ উৎসবের আনন্দে। চারুকলা অনুষদের বকুলতলায় ছিল ছায়ানট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসবের নানা আয়োজন।বকুলতলায় সকাল সাতটায় ছায়ানটের অনুষ্ঠান শুরু হয় সম্মেলক কণ্ঠে পরিবেশিত ‘দেখো দেখো, দেখো, শুকতারা’ গানের সঙ্গে নৃত্য দিয়ে। পরে অভয়া দত্ত ‘শুভ্র প্রভাতে পূর্বগগনে’, উম্মুল ওয়ারা বিনেত নাঈম ‘অমল ধবল পালে লেগেছে’, বিক্রম দাস ‘আমি চাহিতে এসেছি’, সেমন্তী মঞ্জরী ‘আমার ঢালা গানের ধারা’, দীপ্তি দাস ‘আমায় বাঁধবে যদি’, দীপাঞ্জন মুখার্জি ‘যে ছায়ারে ধরব বলে’, মাকছুরা আখতার ‘বাজিল কাহার বীণা’, সুতপা সাহা ‘হূদয়ে ছিলে জেগে’, সুকান্ত চক্রবর্তী ‘এই তো ভালো লেগেছিল’ ও নাঈমা ইসলাম শোনান ‘আমার নয়ন-ভুলানো এলে’। এ ছাড়া ঐশী রুবাইনার ‘আমারে ডাক দিল কে’ গানের সঙ্গে সানজানা হক ও নন্দিনী সাহার ‘তোমরা যা বলো তাই বলো’ গানের সঙ্গে সুদেষ্ণা স্বয়ংপ্রভা নৃত্য পরিবেশন করেন। ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘ওগো শেফালিবনের মনের কামনা’ ও ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’। সম্মেলক কণ্ঠে ‘কোন্ খেপা শ্রাবণ ছুটে এল’ ও ‘আনন্দেরই সাগর হতে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের নৃত্যশিল্পীরা।বকুলতলা থেকে একটু এগিয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশেই শিল্পী ইউসুফ খানের সরোদবাদনের মধ্য দিয়ে সকালে শুরু হয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানমালার প্রথম পর্বে শরৎকথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি আসাদ চৌধুরী, গোলাম কুদ্দুছ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ, উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম।একক কণ্ঠে সালাহউদ্দিন আহমেদ নজরুলসংগীত ‘ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে’ পরিবেশন করেন। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শামা রহমান ‘আজি শারদ প্রাতে’, লিলি ইসলাম ‘তোমরা যা বলো তাই বলো’, মহাদেব ঘোষ ‘অমল ধবল পালে’, অনিমা রায় ‘এবার অবগুণ্ঠন খোলো’ রত্না সরকার ‘তোমার নাম জানি নে সুর জানি’ ও শহীদ খান ‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মমঃ’। সফিউল আলম পরিবেশন করেন ভাওয়াইয়া ‘বন্ধু তোমার কিবা হইছে রে’, বিমান চন্দ্র মিস্ত্রি লোকসংগীত ‘শরতের আকাশে ভাসে সাদা মেঘের ভেলা’ পরিবেশন করেন। অনুষ্ঠানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র সুরবিহার ও ধ্রুব শিশু-কিশোর সংগঠন দলীয় সংগীতে পরিবেশন করেন।দলীয় নৃত্যে স্পন্দন, নটরাজ, আচিক কালচারাল একাডেমী গারো সম্প্রদায়ের গান ও ধ্রুপদ কলাকেন্দ্র নৃত্য পরিবেশন করে। একক আবৃত্তি পরিবেশন করেন শিমুল মুস্তাফা, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম, মাশকুর-ই-সাত্তার প্রমুখ।