শুভ্রবসনা রজনীগন্ধা

নজরুলকে খুব কাছ থেকে দেখেছেন ফিরোজা বেগম। তাঁকে গান শুনিয়েছেন। নজরুলের গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নজরুলকে স্মরণ করলেন তিনি।
সুরমণ্ডল হাতে গান গাইছেন ফিরোজা বেগম—চিত্রশিল্পী শেখ আফজালের আঁকা। রাজধানীর ইন্দিরা রোডে ফিরোজা বেগমের বাসার বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল। দেয়ালে ঝুলছে বিভিন্ন সনদ। ‘যদি স্মরণে আসে মোরে’ রেকর্ডের জন্য জাপানের সিবিএস যে গোল্ড ডিস্কটি দিয়েছিল ১৯৮৮ সালে, দেয়ালে আছে সেটিও। আর আছে ফিরোজা বেগমের নানা আলোকচিত্র।
বয়স ৮৩ বছর। শারীরিক সমস্যা এখন নিত্যসঙ্গী। হাসপাতালে যাওয়া-আসা নিয়মিত ব্যাপার। সংবাদমাধ্যমের সামনে খুব একটা আসেন না। গান শোনেন, বই পড়েন, বিশ্রাম নেন, পরিচিতজনদের সঙ্গে গল্প করেন, কাউকে কাউকে গানটা একটু দেখিয়ে দেন—এভাবেই তাঁর দিন কেটে যায়। বললেন, ‘চেহারা এত পরিবর্তন হয়ে গেছে, তাই জনসমক্ষে আসতে চাই না।’
গত সোমবার সকালে যখন ফিরোজা বেগমের সঙ্গে কথা হয়, বাড়িতে কাজের সহকারী মমতার সহায়তায় নিজের ঘর থেকে হেঁটে এলেন বসার ঘরে। বসলেন সোফায়।
কেমন আছেন? ‘ভালো আছি বললে ঠিক বলা হবে না। আমি তো অনেক দিন ধরে ভুগছি।’
গানের স্কুল গড়েছিলেন তিনি। নাম ‘কলগীতি’। বললেন, ‘একসময় নানা কারণে ধানমন্ডির বাড়িটি ছেড়ে দিতে হয়েছিল। এখন স্কুলটা নেই।’

কাজী নজরুল ইসলামকে খুব কাছে থেকে দেখেছেন তিনি। তাঁর কাছে সে বিষয়েই জানতে চাইলাম। বললেন, ‘আমি তখন খুব ছোট। ছুটিতে আব্বা-আম্মার সঙ্গে কলকাতায় যেতাম। ধীরে ধীরে কাজী নজরুল ইসলামের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। বিয়ের পর তো (১৯৫৬ সাল) কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করি। তখন কবির জন্মদিনে তো বটেই, অন্য দিনগুলোতে সময় পেলেই তাঁর বাসায় যেতাম। গোড়াতে আমি কবিকে খুব ভয় পেতাম। জানালা দিয়ে কবিকে দেখতাম। একসময় ভয় কেটে যায়।’
এবার কবিকে গান শোনানোর স্মৃতি। বললেন, ‘কমলবাবুর (কমল দাশগুপ্ত, ফিরোজা বেগমের স্বামী) সঙ্গেই আমার যাওয়া হতো। কবির অসুখ তখন। কমলবাবুর দিকে তিনি বড় বড় চোখ করে তাকাতেন। এরপর তাকাতেন এদিক-ওদিক। প্রমীলা কাজী (কাজী নজরুল ইসলামের স্ত্রী) বললেন, “তিনি হারমোনিয়াম খুঁজছেন।” হারমোনিয়াম আনা হলো। কমলবাবু হারমোনিয়ামে হাত দেওয়ার পরে কবির যে কী হাসি! কমলবাবুকে তিনি খুব পছন্দ করতেন। কাজী নজরুল ইসলামের অনেক গানের সুর করেছেন তিনি। একদিন আমিও কবিকে গান শোনানোর সুযোগ পেলাম। এরপর কবির এক জন্মদিনে আমি তাঁর ঘরের মেঝেতে বসে আছি, সামনে হারমোনিয়াম। তিনি খাটের ওপর শুয়েছিলেন। আমার গান শুনে তিনি উঠে বসলেন। আমার সামনে এসে বসলেন। এই স্মৃতি ভুলতে পারি না। কবিকে বাংলাদেশে আনার পর বিভিন্ন সময় আমি তাঁর বাসায় যেতাম, তাঁকে গান শোনাতাম। মনে হতো, তিনি আমার গান পছন্দ করতেন। তা তাঁর চেহারা দেখেই বোঝা যেত।’
গত শতকের ষাটের দশকে কাজী নজরুল ইসলামের গানকে রেডিও আর রেকর্ডে জনপ্রিয় করতে দারুণ ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। জানালেন, ওই সময় তাঁর গাওয়া গানগুলো শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছিলেন। একটি গানের কথা আলাদা করে স্মরণ করলেন ফিরোজা বেগম। গানটি হলো, ‘ওরে শুভ্রবসনা রজনীগন্ধা’। তিনি বললেন, ‘তখন তো এই নামেই আমাকে ডাকা হতো।’
কাজী নজরুল ইসলামের মৃত্যুদিনের কথা এতটুকু ভোলেননি ফিরোজা বেগম। বললেন, ‘খবরটা পেয়েই পিজি হাসপাতালে (এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ছুটে যাই। আমার বুকের ভেতরটা কান্নায় ভরা ছিল। অত লোকের ভিড়ে নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছিলাম না। আমি কবির মাথার কাছে বসে কোরআন শরিফ পড়ছিলাম। একজন এসে বললেন জিয়াউর রহমান সাহেব (প্রধান সামরিক আইন প্রশাসক, পরে রাষ্ট্রপতি) নাকি আমাকে ডাকছেন। অবাক হলাম, আমাকে কেন? গিয়ে দেখি, হাসপাতালের ভেতরে বটগাছের নিচে তিনি দাঁড়িয়ে আছেন। আমার সঙ্গে তিনি কবির দাফন নিয়ে আলোচনা করলেন। তখনো কবির পরিবারের কেউ কলকাতা থেকে এসে পৌঁছাননি। কবর দেওয়ার সময় জিয়াউর রহমান আবার আমাকে ডাকলেন। কবির কবরে একমুঠো মাটি দিয়েছিলাম।’
ফিরোজা বেগমের কণ্ঠ ভারী হয়ে আসছে। আগেই জানিয়েছিলেন, ছেলে হামিন আহমেদের অনুরোধেই তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। তখন বাসায় এলেন তাঁর ভাইয়ের মেয়ে সুস্মিতা আনিস।
বললেন, ‘ও দুয়েকটা গান একটু দেখে নেবে।’ আলোকচিত্রীর দিকে তাকিয়ে বললেন, ‘লেখার সঙ্গে একটা ভালো ছবি দিয়ো।’