শুভ’র অনেক স্বপ্ন
দ্বিতীয় অ্যালবাম প্রকাশের বছরখানেক পর সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন ডি রকস্টার ও সাউথ এশিয়ান সুপারস্টার খ্যাত সংগীতশিল্পী শুভ। এবারের অ্যালবামটির নাম ‘অনেক স্বপ্ন’। এ অ্যালবামের বেশির ভাগ গানের কথা ও সুর শুভর। অ্যালবামটির গানগুলোর সুর ও এর সংগীত পরিচালনার কাজ করবেন ফুয়াদ, আমজাদ, অদিত ও মাসুম।অনেক স্বপ্ন অ্যালবাম প্রসঙ্গে শুভ বলেন, ‘এবারের অ্যালবামে গান থাকবে ১০টি। এরই মধ্যে চারটি গানের কাজ শেষ হয়েছে। বাকি গানগুলোর সুর করা হয়েছে। যেহেতু চাকরি করি তাই অফিস নিয়ে ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি সংসারেও সময় দিতে হচ্ছে। কাজের ফাঁকে যে সময়টুকু পাচ্ছি, সে সময়ে নতুন অ্যালবামের কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ইচ্ছে আছে সামনের ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার।’অ্যালবামটির নাম প্রসঙ্গে শুভ বলেন, ‘এবারের অ্যালবামটির বেশির ভাগ গানে অনেক স্বপ্নের কথা বলা হয়েছে, যা শ্রোতারা হাতে পেলেই বুঝতে পারবেন। আর তাই অ্যালবামের নামও রাখা হয়েছে অনেক স্বপ্ন। অনেক স্বপ্ন অ্যালবাম প্রসঙ্গে শুভ আরও বলেন, ‘অ্যালবামে নতুনভাবে সবকিছু চিন্তা করছি। এবারে দ্রুতলয়ের কিছু গান করছি। নতুন অ্যালবামে মেলো ইলেকট্রনিক সাউন্ডের প্রভাবই বেশি থাকবে।’শুভ জানান, অনেক স্বপ্ন অ্যালবামটি বাজারে আনবে জি-সিরিজ।উল্লেখ্য ২০০৬ সালের ডি রকস্টার এবং ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার শুভর এখন পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে শুভস রকার্স ইন (২০০৭) এবং অনেক কিছু (২০১১)।