‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে চতুর্থ বারের মতো শুরু হচ্ছে কিবরিয়া ছাপচিত্র মেলা। ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। আজ বিকেল সাড়ে পাঁচটায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল বুধবার ঢাকা আর্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার প্রেক্ষাপট ও ছাপচিত্রকলা নিয়ে আলোচনা করেন মেলার আহ্বায়ক বিশিষ্ট শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ, শিল্পী রশীদ আমিন ও জাভেদ জলিল।
শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মদিনে ২০১২ সাল থেকে নিয়মিত এ মেলার আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা জানান, উচ্চমূল্যের কারণে অনেক ক্ষেত্রেই শিল্পকলার অনুরাগী সাধারণ মানুষের পক্ষে শিল্পকর্ম সংগ্রহ করা সম্ভব হয় না। ছাপচিত্রের ক্ষেত্রে এ সুযোগটি রয়েছে। শিল্পকর্মকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাঁরা মেলার আয়োজন করছেন। এ মেলায় অংশ নিতে হয় প্রাতিষ্ঠানিকভাবে। এ বছর ১৪টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে, গত বছর ছিল ১২টি। এবার নতুন অংশ নিচ্ছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও প্রিন্টমেকিং স্টুডিও ‘কারখানা’।
এবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পী মনিরুল ইসলামকে ছাপচিত্রে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া ঢাকা আর্ট সেন্টার আয়োজিত ছাপচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী ও শিল্প সংগ্রাহক নাইমুর রহমান। মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।