শুরু হচ্ছে কিবরিয়া ছাপচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপচিত্রের মেলা বসছে আজ থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। দেশের অগ্রগণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার নামে এই মেলা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবার। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় মেলার উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান।
কিবরিয়া ছাপচিত্র মেলা উপলক্ষে গতকাল দুপুরে ঢাকা আর্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, নিসার হোসেন ও শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। তাঁরা জানান, সাধারণ মানুষও যেন তাঁদের সাধ্যের মধ্যে স্বল্পমূল্যে শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই ২০১২ সাল থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে। গত দুই মেলায় শিল্পী ও শিল্পসংগ্রাহকদের বিপুল সাড়া পাওয়া গেছে। শিল্পীরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মেলায় অংশ নেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগ এবং সাতটি ছাপচিত্র স্টুডিও মেলায় অংশ নিচ্ছে।
এবার থেকে প্রতিবছর মেলার উদ্বোধনী দিনে ছাপচিত্রকলায় বিশেষ অবদান রাখার জন্য একজন শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। আজ প্রথম সম্মাননাটি দেওয়া হচ্ছে শিল্পী রফিকুন নবীকে। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।