শুরু হচ্ছে কিবরিয়া ছাপচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে আজ বছরের প্রথম দিন থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের পাশে ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে ছাপচিত্র মেলা। শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মবার্ষিকী এবং ঢাকা আর্ট সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই আয়োজন। নামকরণ করা হয়েছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’।এ বছর দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ছাপচিত্র মেলা। আজ বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন জাপানের বিশিষ্ট মৃৎশিল্পী কোইটি তাকিতা। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভী, সভাপতিত্ব করবেন শিল্পী রফিকুন নবী। মেলা চলবে ৫ জানুয়ারি প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।মেলা উপলক্ষে গতকাল ঢাকা আর্ট সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার প্রেক্ষাপট ও ছাপচিত্রকলা সম্পর্কে আলোচনা করেন শিল্পী নিসার হোসেন, ওয়াকিলুর রহমান ও রশিদ আমিন। তাঁরা জানান, এবার মেলায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বিভাগ, ইউডার ছাপচিত্র বিভাগ, সফিউদ্দিন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও, আতেলিয়ে ৭১, কসমস আতেলিয়ার ৭১, বর্ণিকা প্রিন্ট স্টুডিও, বাংলাদেশ প্রিন্টমেকার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর প্রায় আড়াই শ শিল্পী অংশ নিচ্ছেন।শিল্পকর্মকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। এ ক্ষেত্রে ছাপচিত্র সবচেয়ে উপযোগী। স্বল্পমূল্যে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আয়োজকেরা জানান, অনেক শিল্পানুরাগী দর্শকই প্রদর্শনীগুলোতে এসে ছবি দেখেন কিন্তু চড়া দামের কারণে শিল্পকর্ম সংগ্রহ করা তাঁদের পক্ষে সম্ভব হয় না। ছাপচিত্রের ক্ষেত্রে এই সুযোগটি রয়েছে। শিল্পীর হাতে সৃষ্ট একটি মূল কাজ তাঁরা যেন তাঁদের সীমিত সাধ্যের মধ্যেও সংগ্রহ করতে পারেন, সে জন্যই স্বল্পমূল্যে কাজগুলো বিক্রি করা হবে। গতবারের মেলায় দারুণ সাড়া দিয়েছিলেন ক্রেতা-দর্শকেরা। সেই অনুপ্রেরণাতেই এবার আরও ব্যাপক পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে। দর্শকেরা সর্বনিম্ন ১৫০ টাকাতেও একটি শিল্পকর্ম সংগ্রহ করতে পারবেন মেলা থেকে। এ ছাড়া তাঁরা স্টুডিওতে গিয়ে ছাপচিত্র তৈরির পদ্ধতিও দেখতে পারবেন, করণকৌশল নিয়ে আলোচনাও করতে পারবেন শিল্পীদের সঙ্গে। এসব ব্যবস্থাও থাকবে এবারের মেলায়।আয়োজকেরা বলেন, বই যেমন এখন উপহার হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, তেমনি শিল্পকর্ম বিশেষ করে ছাপচিত্র ও যেন উপহারসামগ্রী হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। বিয়ে, জন্মদিন বা কোনো প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ফ্রেমে বাঁধাই করা একটি ছাপচিত্র অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এভাবেও শিল্পকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সুযোগ রয়েছে। মেলায় এসব দিকই তুলে ধরা হবে। নিয়মিত যাঁরা শিল্পকর্ম সংগ্রহ করেন, তাঁদের চেয়ে সাধারণ ক্রেতাদের হাতে তাঁদের পছন্দের কাজটি তুলে দিতেই শিল্পীদের আগ্রহ থাকবে বলে তাঁরা জানালেন।শিল্পী বীরেন সোমের প্রদর্শনী আজ থেকে‘বিমূর্ততার মধ্যে জীবনবাদী’ শীর্ষক শিল্পী বীরেন সোমের একক চিত্রকলা প্রদর্শনী আজ মঙ্গলবার শুরু হচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। বিকেল সাড়ে পাঁচটায় প্রধান অতিথি হিসেবে ১২ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।প্রদর্শনী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মতলুব আলী, শিল্পী বীরেন সোম এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৭০টি। ১২ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।শিল্পী বীরেন সোমের জন্ম ১৯৪৮ সালে জামালপুরে। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা কলেজ (বর্তমানে চারুকলা অনুষদ) থেকে ১৯৬৯ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর সাতটি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি শিল্পাচার্য ‘জয়নুল আবেদিন পুরস্কার’, ‘অতীশ দীপংকর গোল্ড মেডেল’ ও পালক শিশু সাহিত্য সংসদের ‘পালক পুরস্কার’, ২০০৭ সালে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার’সহ আরও অনেক পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।