শুরু হচ্ছে ছবি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সবচেয়ে বড় আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। উৎসবের এই সপ্তম আয়োজনে ৩৪টি প্রদর্শনীতে ২৪টি দেশের আলোকচিত্রীদের বৈচিত্র্যময় ছবি প্রদর্শিত হবে। এই বছরের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে: ভঙ্গুরতা। বর্ণবৈষম্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, বর্তমান বিশ্বের বাস্তবতার চিত্রগুলোকে উৎসবে উপস্থাপন করা হবে। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ২৫ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এই উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সঙ্গে প্রদর্শনী চলবে আলিয়ঁস ফ্রঁসেস, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ছবিরহাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায় ও মল চত্বরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক শহীদুল আলম, কিউরেটরিয়াল ডিরেক্টর এ এস এম রেজাউর রহমান এবং ফেস্টিভ্যাল কিউরেটরিয়াল টিমের সদস্য মুনেম ওয়াসিফ ও তানজীম ওয়াহাব।এবারের ছবি মেলার উৎসবে বাংলাদেশ ছাড়াও মেক্সিকো, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বসনিয়া, ব্রাজিল, চীন, মিসর, যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নরওয়ে, পোল্যান্ড, স্পেন, সুইডেন, ভিয়েতনাম, ভারত, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার আলোকচিত্রীরা অংশ নেবেন। বিভিন্ন গ্যালারি ছাড়াও রিকশা-ভ্যান সহযোগে ১০টি ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন থাকছে। এই উৎসবে থাকছে বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা অর্জনকারী আলোকচিত্রীদের আলোকচিত্র। সপ্তাহব্যাপী এই আয়োজনে আরও থাকবে সমকালীন আলোকচিত্রের ওপর বিষয়ভিত্তিক সভা, বিতর্ক এবং সকাল ও সান্ধ্যকালীন আলোচনা।ছায়ানটে সোহরাব হোসেন স্মরণ অনুষ্ঠানছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষাগুরু, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সদ্য প্রয়াত শিল্পী সোহরাব হোসেন স্মরণে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট তাদের মিলনায়তনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। কথা ও গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।দৃক গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে তরুণ শিল্পী টিপু সুলতানের একক শিল্পকর্ম প্রদর্শনী। বিশিষ্ট শিল্পী রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে ৯ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী আয়োজনে সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল ও এবি ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান চৌধুরী ও সিটিসেলের মানবসম্পদ বিভাগের পরিচালক সুমন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। প্রদর্শনী প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। আজ সাঈদ আহমদের নাটকশিল্পকলা একাডেমীতে আজ শুক্রবার দেশে নতুন ধারার আধুনিক নাট্যকার সাঈদ আহমদের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার ও তাঁর নাটক মঞ্চস্থ হবে। আয়োজন করেছে সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্ট।বেলা সাড়ে তিনটায় একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘সাঈদ আহমদের নাটকে স্বদেশ ও আন্তর্জাতিকতা’ শীর্ষক সেমিনার। সন্ধ্যা সাড়ে ছয়টায় পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে তাঁর লেখা নাটক কালবেলা। পালাকার প্রযোজিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। সংসদ ভবনের সৌন্দর্য আঁকবেন ২৩ শিল্পীবাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য একসঙ্গে ২৩ জন চিত্রশিল্পী তাঁদের রঙের তুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরবেন। আজ শুক্রবার সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ দিকে শুরু হচ্ছে দুই দিনের এ আর্ট ক্যাম্প।‘বর্ণে বর্ণিল স্বপ্নে উজ্জ্বল আমাদের জাতীয় সংসদ ভবন’ শীর্ষক এ আর্টক্যাম্পের আয়োজক জাতীয় সংসদ কর্তৃপক্ষ ও ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস (আইএসি)। এতে সহযোগিতা করছে ঢাকার ওয়েস্টিন হোটেল। এ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের আয়োজক আইএসির কিউরেটর ইশরাত আকন, ইউনিক গ্রুপের প্রধান পরামর্শক মোহাম্মদ মহসিন, হোটেল ওয়েস্টিনের মহাব্যস্থাপক আজিম শাহ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচির উদ্বোধন করবেন ডেপুটি স্পিকার শওকত আলী। দুই দিনের এ চিত্রকর্ম শিবিরে অংশ নেবেন দেশের ২৩ জন নবীন ও প্রবীণ শিল্পী।